‘১৪ হামলায় সিরিয়া ক্লোরিনযুক্ত রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে’

আপডেট : ১৫ মে ২০১৪, ২১:২৮
সামপ্রতিক মাসগুলোতে সিরিয়া সম্ভাব্য ১৪টি হামলায় ক্লোরিনযুক্ত রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে বলে অভিযোগ করেছে ফ্রান্স। এর পাশাপাশি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিষাক্ত অস্ত্র লুকাচ্ছে দাবি করে উদ্বেগ প্রকাশ করেছে দেশটি। মঙ্গলবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ল্যঁরা ফ্যাবিয়াস যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন। তিনি বলেন, ‘আমাদের কাছে এরকম অন্তত ১৪টি ইঙ্গিত আছে যেখানে দেখা যাচ্ছে, গেল কয়েক সপ্তাহে ছোট মাত্রায় রাসায়নিক অস্ত্র ব্যবহূত হয়েছে। নির্দিষ্টভাবে বলতে গেলে ক্লোরিন। যেসব নমুনা সংগ্রহ করা হয়েছে আমরা এখন সেগুলো পরীক্ষা করে দেখছি।’ সিরিয়া ও ইউক্রেনের সঙ্কট নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে আলোচনা করার জন্য যুক্তরাষ্ট্র সফরে থাকার সময় সংবাদ সম্মেলনটি করেন তিনি। ফ্যাবিয়াস বলেন, আন্তর্জাতিক চুক্তির আওতায় আসাদ সরকার তাদের রাসায়নিক অস্ত্র মজুদের ৯২ শতাংশ হস্তান্তর করেছে। কিন্তু ফ্রান্সের ধারণা আসাদ সরকার তাদের কিছু রাসায়নিক অস্ত্রের মজুদ লুকিয়ে রেখেছে এবং এখনো রাসায়নিক অস্ত্র তৈরির ক্ষমতা রাখে। সামপ্রতিক ক্লোরিন গ্যাস হামলার প্রতিবেদনগুলো এসবের ইঙ্গিত দেয় বলে জানিয়েছেন তিনি। আন্তর্জাতিক অপরাধ আদালতের মাধ্যমে তিনবছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের সম্ভাব্য বিচারের জন্য জাতিসংঘের মাধ্যমে ফ্রান্স প্রচেষ্টা চালাচ্ছে বলে উল্লেখ করেন ফ্যাবিয়াস।