শেষ ধাপের উপজেলা নির্বাচন

বিজয়নগরে সুবিধাজনক অবস্থানে আওয়ামী লীগ, বিপাকে বিএনপি

আপডেট : ১৫ মে ২০১৪, ২১:৩৯
আগামী ১৯ মে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় প্রথমবারের মতো উপজেলা নির্বাচনকে সামনে রেখে সর্বত্র উত্সবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থীদের প্রচার-প্রচারণা পুরোদমে চলছে। হাট-বাজারের চায়ের দোকানে বইছে নির্বাচনী ঝড়। প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে মন জয়ের চেষ্টা করছেন। কাকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে এ নিয়ে চলছে ভোটারদের চুলচেরা বিশ্লেষণ। ২০০৯ সালে তিতাস পূর্বাঞ্চলের ১০ ইউনিয়ন নিয়ে বিজয়নগর উপজেলা গঠিত হয়। নির্বাচনী মাঠে রয়েছেন ১৭ জন প্রার্থী। এর মধ্যে একক প্রার্থী নিয়ে আওয়ামী লীগ সুবিধাজনক অবস্থানে থাকলেও বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে পড়েছে বিএনপি। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের এডভোকেট তানভীর ভূঁইয়া (দোয়াত কলম), বিএনপির এড. শরিফুল ইসলাম লিটন (টেলিফোন), বিএনপির বিদ্রোহী প্রার্থী প্রকৌশলী কাজী রফিকুল ইসলাম (কাপ পিরিচ), জাপার এমদাদ বারী (চিংড়ি মাছ), জনতার প্রার্থী আব্দুস সাত্তার( আনারস), শাহিদ সিরাজী (মোটর সাইকেল), ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বাবুল আক্তার (বই), বিএনপির মুখলেছুর রহমান লিটন (টিউবওয়েল), ওয়ার্কার্স পার্টির সাংবাদিক দীপক চৌধুরী বাপ্পি (মাইক), জামায়াতের ডাঃ আলী নেওয়াজ (তালা), জাপার জাকারিয়া (টিয়াপাখি), ইসলামী ঐক্যজোটের রেদুয়ান বারী সিরাজী (বৈদ্যুতিক বাল্ব), জহিরুল ইসলাম (উড়োজাহাজ), সজরুল হক সুজন (চশমা) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ফয়জুননেছা টুনি (হাঁস), বিএনপির মরিয়ম বেগম (কলস) ও সেলিনা আক্তার (ফুটবল)।