বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, স্বাস্থ্য সেবা, রসায়ন শিল্পসহ বিভিন্ন শিল্পখাতের কারিগরি সক্ষমতা বৃদ্ধি ও প্রযুক্তি হস্তান্তরে সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া। সে দেশের ১শ’ ৫৬টি প্রতিষ্ঠান বর্তমানে বাংলাদেশের উদীয়মান শিল্পখাতগুলোতে বিনিয়োগের অপেক্ষায় রয়েছে। বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি ইয়ান ইয়াং গতকাল শিল্পমন্ত্রী আমির আমুর সাথে বৈঠককালে এ আগ্রহের কথা জানান। শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত চট্টগ্রামে অবস্থিত কোরিয়ান ইপিজেডে (কেইপিজেড) ভূমির মালিকানা হস্তান্তর সম্পর্কিত জটিলতা দ্রুত নিষ্পত্তির জন্য শিল্পমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, এসব জমিতে অত্যাধুনিক প্রযুক্তির কোরিয়ান শিল্প কারখানা স্থাপিত হলে বাংলাদেশের রপ্তানি আয় কয়েকগুণ বৃদ্ধি পাবে। কেইপিজেডে’র ভূমি মালিকানা হস্তান্তর বিষয়ক জটিলতা নিরসনে সংশি¬ষ্ট সকলের সাথে আলোচনা করে উদ্যোগ নেয়া হবে বলে রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেছেন শিল্পমন্ত্রী। বৈঠকে শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল¬াহ্, বাংলাদেশে কোরিয়ান দূতাবাসের ডেপুটি চিপ অব মিশন কিম হাইয়ান-জুসহহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্ততন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশের শিল্পখাতের গুণগতমান বাড়াতে সহায়তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এসময় তথ্য-প্রযুক্তিখাতে দক্ষ জনবল বৃদ্ধির লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার প্রশিক্ষণ সহায়তার বিষয়টি বিশেষভাবে আলোচনায় স্থান পায়।
