ওয়ালটন ব্যাটারি ৩১তম জাতীয় সিনিয়র পুরুষে বিজিবি ও ৫ম জাতীয় সিনিয়র মহিলা কুস্তি প্রতিযোগিতায় সেনাবাহিনী চ্যাম্পিয়ন হয়েছে। পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হওয়া বিজিবি ৫টি স্বর্ণ ও ২টি ব্রোঞ্জসহ মোট ৭টি পদক পায়। রানার্সআপ আনসার পেয়েছে ৩টি স্বর্ণ, ১ রৌপ্য ও ২ ব্রোঞ্জসহ মোট ৬টি পদক। তৃতীয় স্থান পেয়েছে যশোর জেলা। তারা ৩ রৌপ্য ও ১ ব্রোঞ্জ সহ ৪টি পদক পায়।
মহিলা বিভাগে চ্যাম্পিয়ন সেনাবাহিনী পেয়েছে ৪টি স্বর্ণ ও ২টি রৌপ্যসহ মোট ৬টি পদক। রানার্সআপ পুলিশ ৩টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জসহ মোট ৭টি পদক পেয়েছে। তৃতীয় স্থান পাওয়া নড়াইল জেলা পেয়েছে ১টি স্বর্ণ ও ২টি ব্রোঞ্জসহ মোট ৩টি পদক। পূর্ব ঘোষণা অনুযায়ী পুরুষ বিভাগে দিপু, আনসার এবং মহিলা বিভাগে রিনা আক্তার, সেনাবাহিনী সেরা খেলোয়াড় হয়ে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন তাদের দিয়েছে গিফট হ্যাম্পার। পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন সিকদার এমপি। এসময় বিশেষ অতিথি ছিলেন ওয়ালটন ব্যাটারির কান্ট্রি সোল এজেন্ট, মোহাম্মদ সিরাজুল ইসলাম, মান্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শেলী মান্না এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের পরিচালক ইকবাল বিন আনোয়ার।
