৬ দফা বাস্তবায়নে রাজশাহী বাস-ট্রাক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সরকার ও প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছেন। দাবি না মানলে আগামী ২১ মে বিকাল ৩টায় রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনের সড়কে আয়োজিত মালিক-শ্রমিক সমাবেশ থেকে লাগাতার পরিবহন ধর্মঘটসহ কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদ নেতৃবৃন্দ এই আল্টিমেটাম দেন।
মালিক-শ্রমিকদের ছয় দফায় রয়েছে- অবৈধ নসিমন, করিমন, ভটভটি, পাওয়ার টিলার, ট্রাক্টরসহ সকল প্রকার অবৈধ যান চলাচল বন্ধ, সিএনজি চালিত মাহেন্দ্র, থ্রি হুইলার, ইমার রুট পারমিট বহির্ভূত এলাকায় চলাচল বন্ধ ও নতুন রুট পারমিট বন্ধ, লিজকৃত বিআরটিসি ও দ্বিতল বাস উপজেলাভিত্তিক চলাচল বন্ধ, স্কেলের নামে অবৈধ চাঁদাবাজি বন্ধ, বিআরটিএ’র ট্যাক্স টোকেন ও ফিটনেসের বর্ধিত ফি প্রত্যাহার এবং সকল প্রকার পুলিশী হয়রানি ও চাঁদাবাজি বন্ধ।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক অধ্যাপক মনজুর রহমান পিটার বলেন, প্রশাসনের আশ্বাসে ইতিপূর্বে আমাদের এই আন্দোলন স্থগিত করা হয়েছিল। কিন্তু প্রশাসন কথা না রাখায় আমরা স্থগিত আন্দোলন পুনরায় শুরু করতে বাধ্য হচ্ছি। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন—রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সভাপতি এনামুল হক, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী বিভাগীয় সভাপতি রফিকুল ইসলাম, রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন রবি, জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি রবিউল ইসলাম প্রমুখ।
