মুন্সীগঞ্জে খাল খননের দাবিতে মানববন্ধন

আপডেট : ১৫ মে ২০১৪, ২২:৪৮
মুন্সীগঞ্জের তালতলা-গৌরগঞ্জ খাল খননের দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলার টঙ্গিবাড়ী উপজেলার বালিগাঁও বাজারের পাশে খালটির ব্রিজের উপরে দাঁড়িয়ে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে কৃষক, শ্রমিকসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। বাংলাদেশের সুয়েজ খাল হিসাবে পরিচিত প্রাচীন এ তালতলা-গৌরগঞ্জ খালটিতে পদ্মা নদীর পলি পড়ে নাব্যতা হারিয়েছে। ১০ বছর আগেও এ খাল দিয়ে যাত্রীবাহী লঞ্চ চলাচল করলেও এখন তা শুধুই স্মৃতি। যার কারণে ঢাকা ও এর আশপাশের জেলার সাথে মাদারীপুর, শরিয়তপুর, রাজবাড়ীসহ বৃহত্তর ফরিদপুর, বরিশাল, কুষ্টিয়া ও মুন্সীগঞ্জের মানুষের নৌ যোগাযোগ ব্যাহত হচ্ছে। এ খালটিকে খননের মাধ্যমে পুনরায় লঞ্চসহ বড় বড় নৌযান চলাচলের উপযোগী করার দাবিতে এ মানববন্ধন পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বল, মানববন্ধনের আয়োজক কৃষক শহিদুল ইসলামসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। এসময় মোবাইল ফোনের মাধ্যমে কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেন বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ প্রমুখ।