দেশজুড়ে অপহরণ, গুম, খুনসহ নানা অপরাধ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সব ধরনের গাড়িতে কালো গ্লাস ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। এ নিয়ে গত ১১ মে থেকে দেশজুড়ে শুরু হয়েছে অভিযান। রাজশাহীতেও এই অভিযান চললেও অবাধে চলছে কালো গ্লাসের গাড়ি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজশাহী জেলায় গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ৪টি মামলা হয়েছে। কিন্তু রাজশাহী মহানগরীতে কোন মামলার দিতে পারেননি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা। তবে বেশ কয়েকটি মামলা হয়েছে বলে দাবি করেছে মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।
এদিকে রাজশাহীতে এখনো অবাধে কালো ও মার্কারি রংয়ের গ্লাস লাগানো গাড়ি চলাচল করতে দেখা যাচ্ছে। মোটরযান আইনের ১৫১ ধারায় শাস্তি সর্বনিম্ন ১ হাজার ২৫০ টাকা জরিমানা করার বিধান রয়েছে। তবে এখনো ওই অভিযান সেইভাবে চলছে না। মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্টদের মোড়ে মোড়ে মোটরসাইকেলের কাগজপত্র চেকিং নিয়ে ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে।
রাজশাহী জেলা পুলিশের ট্রাফিক বিভাগের পরিদর্শক কামরুজ্জামান বলেন, কালো গ্লাস বদলানোর সময়সীমা ১০ মে শেষ হলেও নতুন আইন হিসেবে সপ্তাহখানেক সময় দিয়ে গাড়ির মালিক ও চালকদের সচেতন করা হচ্ছে। এরপর আমরা কঠোর অবস্থানে যাবো। মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার (এসি) সঞ্জয় বলেন, বিধি অনুযায়ী কালো গ্লাসের গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। এছাড়া ভ্রাম্যমাণ দল কাজ করছে।
