ঝিনাইদহে কোটচাঁদপুর উপজেলার জালালপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার বিকালে আগুনে ৩০ বিঘা জমির পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ক্ষতির পরিমাণ ১ কোটি টাকার বেশি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। প্রায় ২০ জন পান চাষী এতে ক্ষতিগ্রস্ত হন।
কোটচাঁদপুর ফায়ার ব্রিগেড অফিসের স্টেশন অফিসার নজরুল ইসলাম বলেন, বিকাল ৩টার দিকে শতদল রায়ের বরজ থেকে বিড়ি বা সিগারেটের জ্বলন্ত টুকরা থেকে আগুনের সূত্রপাত হয়। মুর্হূতের মধ্যে আগুন সারা মাঠের বরজে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। তবে পানির অভাবে আগুন নেভাতে দেরি হয়েছে।
