রংপুরে ব্যাংক কর্মকর্তার স্ত্রী জবাই

আপডেট : ১৫ মে ২০১৪, ২৩:২৪
মহানগরীর কলেজ রোডে পূবালী ব্যাংক কর্মকর্তা এবাদত করিম মণ্ডলের স্ত্রী পারুল বেগমকে (৪৮) দুর্বৃত্তরা জবাই করে হত্যা করেছে। নিহত পারুলের লাশ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, লালমনিরহাটের পূবালী ব্যাংকের ম্যানেজার এবাদত করিম মণ্ডলের স্ত্রী পারুল বেগম কলেজ রোড শান্তিবাগ এলাকার ৩ তলা বাড়ির নিচতলায় থাকতেন। লালমনিরহাট থেকে গতকাল দুপুরে এবাদত করিম স্ত্রীকে দীর্ঘক্ষণ ধরে মোবাইল ফোন করেও সাড়া না পাওয়ায় বাড়ির ২য় ও ৩য় তলার বাপ্পি ছাত্রাবাসে অবস্থানকারী ছাত্রদেরকে ফোন করে খোঁজ নিতে বলেন। ছাত্ররা নিচতলায় এসে দরজায় ডাকাডাকির পর ভেতর থেকে কোন সাড়া না দেয়ায় বাড়ির পিছনের দরজা খোলা দেখতে পায়। ছাত্ররা ঘরে প্রবেশ করলে পারুল বেগমের রক্তাক্ত লাশ মাটিতে দেখে পুলিশকে খবর দেয়। কোতয়ালী থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, পারুল বেগমকে কে বা কারা জবাই করে হত্যার পর পিছনের দরজা দিয়ে পালিয়েছে। হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত কিংবা কি কারণে হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। নিহত পারুল বেগমের এক ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মেয়ে নগরীর মুলাটোল এলাকায় বিয়ে হয়েছে।