বাংলাদেশ এখন অনেক এগিয়েছে

আপডেট : ১৫ মে ২০১৪, ২৩:২৮
মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা বলেছেন, এদেশের মূল চালিকা শক্তি গ্রামের জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে আরো উন্নয়ন সম্ভব। বাংলাদেশের যখন জন্ম হয় তখন অনেকে বলেছিল, এই দেশটা টিকে থাকবে না। বর্তমানে এই দেশ অনেক দূর এগিয়েছে এবং সবার জন্য খাদ্য নিশ্চিত করতে পারে। গতকাল বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া গ্রামে কেঁচো সার ব্যবহারের সাফল্য বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশ তলা বিহীন ঝুড়ি নয় এদেশের মানুষ নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করছে। কেঁচো সার একটা নতুন ধারণা। এই সার ব্যবহার করে এখানকার দুই চাষী সাফল্য পেয়েছে। আমি আমার এই দুই কৃষক ভাইকে অভিনন্দন জানাই। এসময় আরো বক্তব্য রাখেন চ্যানেল আই’র বার্তা প্রধান শাইখ সিরাজ। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ, উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন প্রমুখ।