গোটা দুনিয়ায় একই রকম বা কাছাকাছি দেখতে মানুষের সংখ্যা নেহাত কম নয়। তবে চেহারার এই সাদৃশ্য যদি হয় বিখ্যাত কোনো ব্যক্তির সাথে তাহলে সেটি একই রকম দেখতে ব্যক্তিটির জন্য যেমন মজার অভিজ্ঞতা নিয়ে আসে তেমনি এ নিয়ে বিভ্রান্তিতে পড়তে হয় অন্য অনেককেও। যেমনটা সম্প্রতি হয়েছিল খ্যাতনামা ইংরেজ গীতিকার ও গায়ক রবি উইলিয়ামস এর ক্ষেত্রেও। যেখানে তাকে দেখলেই রাজ্যের লোক হুমড়ি খেয়ে পড়ে পাশে দাঁড়িয়ে একখানা ছবি তোলার জন্য সেখানে এই রবি উইলিয়ামসই কি না অস্ট্রিয়াতে এক লোককে দেখে পাশে দাঁড়ানোর লোভ সামলাতে পারেননি। আর পারবেনই বা কী করে? চলতি পথে যদি হাত ছোঁয়া দূরত্বে দেখা মেলে সর্বকালের সেরা ফুটবলারদের একজন হিসেবে স্বীকৃত ম্যারাডোনার তাহলে কে-ই বা তার সাথে ছবি তোলার বা কথা বলার লোভ সামলাতে পারে। তবে বিপত্তি বাধে তখনই যখন ম্যারাডোনার সাথে তোলা এই ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেবার পর তিনি আবিস্কার করেন যে ম্যারাডোনা ভেবে তিনি যার পাশে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন তিনি আসলে ম্যারাডোনা নন, বরং অবিকল ম্যারাডোনারই মতো দেখানো জার্মানির নাগরিক এবি এটিসি। এমনিতে জার্মানিতে ম্যারাডোনার এই ডাবল সম্পর্কে অল্প-বিস্তর সবাই জানলেও অস্ট্রিয়ার এক স্কি রিসোর্টে ঘুরতে যাওয়া রবির তো আর তা জানা ছিল না। আর তাই এ ধরনের একটা স্থানে ম্যারাডোনার মতো খ্যাতনামা একজন ফুটবলার আসতেই পারেন ধরে নিয়েই তার সাথে কোলাকুলি করে আর গালে চুমু খেয়ে ছবি তুলেছিলেন রবি উইলিয়ামস। এদিকে রবি উইলিয়ামস এর এই ঘটনায় একই ভাবে বিস্মিত এবি এটিসি তার প্রতিক্রিয়ায় বলেছেন, ‘আমি একটি স্পোর্টস শপে কাজ করি এবং গেল বিশ বছরে ম্যারাডোনার ডাবল হিসেবে আমি অনেক অনুষ্ঠানেই অংশ নিয়েছি। আসলে ১৯৮৯ সালে বায়ার্ন মিউনিখ আর নেপলস এর একটি খেলা দেখতে যেয়ে পরদিন যখন একটি পত্রিকা দর্শক সারিতে থাকা আমার ছবি ছাপিয়ে আমাকে ম্যারাডোনা বলে দাবি করে তখনই আমার এই একই রকম দেখতে দেখার বিষয়টা প্রথম আলোচনায় আসে। কিছুদিন আগে আমি যখন অস্ট্রিয়ার ইশল স্কি রিসোর্টে গিয়েছিলাম তখন রবিও সেখানে একটি কনসার্টে গিয়েছিলেন। তবে আমি যখন পাহাড়ের চুড়ায় ওঠার লিফটের জন্য অপেক্ষা করছিলাম তখনই হঠাত্ করে সেখানে হাজির হন এবং আমাকে জড়িয়ে ধরে বলেন যে আমি তোমাকে ভালোবাসি। উত্তরে আমিও তাকে বলি যে আমিও তোমাকে ভালোবাসি। এরপর রবি, তার স্ত্রী এবং বাবাসহ সবাই একে একে আমার সাথে ছবি তোলেন। এ সময়ে তাদের কেউই একবারের জন্যও ভাবেননি যে আমি আসল ম্যারাডোনা নই। এভাবে রাস্তাঘাটে অনেকেই হয়তো আমাকে ম্যারাডোনা ভেবে ভুল করেন। তবে রবি উইলিয়ামস এর মতো একজন তারকার কাছ থেকে এই কদর পাবার অভিজ্ঞতার কথাটুকু আমি কখনোই ভুলবো না!’
