গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ১৬ মে ২০১৪, ২০:০০
মঞ্চে বা কনসার্টে গান করার অভিজ্ঞতা যাদের আছে তারা বেশ ভালো করেই জানেন যে এভাবে দর্শকদের সামনে একের পর এক গান পরিবেশন করাটা মোটেই সহজসাধ্য কোনো কাজ নয়। তার ওপর কখনো যদি একই দিনে একাধিক কনসার্টে অংশ নিতে হয় তাহলে শিল্পীদের জন্য কষ্টের মাত্রাটাও বাড়ে। এ বাস্তবতায় সম্প্রতি একাধিক গ্র্যামি পুরস্কারের জন্য মনোনিত কান্ট্রি সিঙ্গার হান্টার হে’জ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংখ্যক কনসার্টে অংশ নেওয়ার যে রেকর্ডটি করেছেন সেটিকে বিস্ময়কর বলেই মানতে হয়। উত্তর-পূর্ব আমেরিকার দশটি ভিন্ন ভিন্ন শহরে ২৪ ঘণ্টায় মোট দশটি কনসার্ট করে হান্টার হে’জ এই রেকর্ডটি গড়েন। একই সাথে ভেঙ্গে দেন ২০১২ সালে করা ‘দ্য ফ্লেমিং লিপস্’ এর ২৪ ঘণ্টায় আটটি কনসার্ট করার পূর্বোক্ত রেকর্ডটিও।