তেল অনুসন্ধান বন্ধ করবে না বেইজিং

আপডেট : ১৬ মে ২০১৪, ২১:৩৬
দক্ষিণ চীন সাগর ভিয়েতনামে বেইজিং-বিরোধী দাঙ্গা ভয়াবহ রূপ নিলেও বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে তাদের তেল অনুসন্ধান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে চীন। ওয়াশিংটন সফররত দেশটির জেনারেল ফাং ফেংঘুই একথা বলেন। এদিকে ভিয়েতনামে দাঙ্গায় কমপক্ষে ২১ জন নিহত হওয়ার ঘটনা তদন্তে বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটিতে একটি প্রতিনিধি দল পাঠিয়েছে চীন। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা একথা জানিয়েছে। ফেংঘুই বলেন, বেইজিং তার ভূখণ্ডের একইঞ্চিও জায়গা ছেড়ে দেবে না। এছাড়া হ্যানয় এ অঞ্চলে সমস্যা বাড়াচ্ছে বলেও দাবি করেন তিনি। তিনি বলেন, আমেরিকা এশিয়াতে উত্তেজনার স্ফূলিঙ্গ বাড়িয়ে তুলতে বদ্ধপরিকর। এছাড়া ভিয়েতনামকে সমর্থন দিয়ে উত্তেজনা না বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে বুধবার ভিয়েতনামে একটি স্টীল কারখানায় বিক্ষোভকারীদের হামলায় একজন চীনা কর্মী নিহত হয়। এছাড়া হা তিন প্রদেশে তাইওয়ানীজ কারখানায় হামলায় ১৫০ জন আহত হয়। অন্যদিকে মঙ্গলবার বিন ডং প্রদেশে শিল্প এলাকায় অন্ততপক্ষে ১৫টি কার-খানায় আগুন ধরিয়ে দেয় চীন-বিরো-ধীরা। আহত হয় শত শত লোক। এ মাসের শুরুতে তেল অনুসন্ধানের স্থান পরিবর্তন করে বিতর্কিত প্যারাসেল দ্বীপের পশ্চিমে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় চীন। এরপর চীনা জাহাজ ঐ এলাকার দিকে রওনা করলে ভিয়েতনামের জাহাজ সেটিকে বাধা দেয়ার চেষ্টা করে। এসময় জাহাজ দু’টির মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনার পরই ভিয়েতনামে বেইজিং-বিরোধী আন্দোলনের সূত্রপাত ঘটে।