হালদায় রেণুপোনা বিক্রি শুরু

আপডেট : ১৬ মে ২০১৪, ২২:১৩
‘মাছ প্রজননে রাবার ড্যামের বিরূপ প্রভাব’ দেশের একমাত্র কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদী থেকে সংগৃহীত ডিমের রেণুপোনা বিক্রি শুরু হয়েছে। ডিম সংগ্রহের পরিমাণ কম হওয়ায় খামারিদের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে রেণুপোনা বিক্রেতারা। প্রতি কেজি রেণুপোনা গতকাল শুক্রবার ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে। হাটহাজারীর গড়দুয়ারা থেকে ডিম সংগ্রহকারী মোহাম্মদ কামালউদ্দিন সওদাগর জানান, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে রেণুপোনা কিনতে খামারীরা শুক্রবার থেকে হাটহাজারীতে আসতে শুরু করেছে। রেণুপোনা বিক্রি চলবে আগামী সোমবার পর্যন্ত। এরপর ডিম সংগ্রহকারীরা পুকুরে পূর্ণাঙ্গ পোনা উত্পাদন করবে। সেগুলো প্রতি কেজি ১০ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক এবং হালদা নদী রক্ষা কমিটির সভাপতি মনজুরুল কিবরিয়া বলেন, এ বছর সরেজমিন পর্যবেক্ষণ করে দেখা গেছে হালদা নদীতে মাছের প্রাকৃতিক প্রজননে অস্বাভাবিকতা রয়েছে। উজানে তৈরি রাবার ড্যামের কারণে যে বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে তার প্রক্রিয়া ধীরে হলেও হালদার জন্য খুবই মারাত্মক হবে। তিনি জানান, গত বৃহস্পতিবার থেকেই রেণুপোনা বিক্রি শুরু হয়েছে। রেণুপোনা সংগ্রহকারীদের অনেকেই তাদের মাটির কূপে রেণুপোনা উত্পন্ন করে বিক্রি করছে। তবে যে ৮টি সরকারি হ্যাচারি রয়েছে সেগুলোর অনেকগুলোর অবস্থাই রেণুপোনা উত্পাদনের অনুকূল নয়।