গ্রীষ্মকালে কাতারের গরমটা খেলোয়াড়দের জন্য ঠিক সহনীয় নয়। এর মধ্যেই ২০২২ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দেশটিতে। ফিফার এমন সিদ্ধান্তকে ভুল বলেই মন্তব্য করলেন সংস্থাটির প্রধান সেপ ব্লাটার।
সুইজারল্যান্ডের চ্যানেল আরটিএসকে ফিফার সভাপতি বলেন, ‘অবশ্যই এটা একটা ভুল। এক জীবনে মানুষ অনেক ভুলই করতে পারে। আমাদের টেকনিক্যাল রিপোর্টে এটা স্পষ্ট বোঝা গিয়েছিল, গ্রীষ্মকালে কাতারে অস্বাভাবিক গরম পড়ে। কিন্তু এরপরও নির্বাহী কমিটি সিদ্ধান্ত নেয় কাতারে বিশ্বকাপ আয়োজনের। আর জনমতটাও তাদেরই পক্ষে ছিল।’ অর্থনৈতিক লাভের কথা মাথায় রেখেই ফিফা এশিয়ার দেশটিতে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কি না? - এমন এক প্রশ্নের জবাবে ব্লাটার বলেন, ‘না অর্থনৈতিক কোন ব্যাপার নয়। এটা করা হয়েছে মূলত রাজনৈতিক বিবেচনায়। ফ্রান্স ও জার্মানির বড় কিছু প্রতিষ্ঠান কাতারে কাজ করে কিন্তু তাদের কাজটা শুধু বিশ্বকাপ নিয়ে নয়। কাতারে যা হয় তার সামান্য একটা অংশ হল বিশ্বকাপ।’
যদিও ৭৮ বছর বয়সী সভাপতির কথার ভুল ব্যাখ্যা হয়েছে বলে জানিয়েছে ফিফা। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘অন্য একটি কথার প্রসঙ্গে টেনে সভাপতি এমনটা বলেছে। তার কথাকে সম্পূর্ণ ভুল ভাবে এখানে উপস্থাপন করা হয়েছে। কোন অবস্থাতেই তিনি যা বলেছেন সেগুলো ২০২২ সালে কাতারে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ নিয়ে নয়।’
