নিয়মিত ওয়ানডে খেলবেন ক্যালিস

আপডেট : ১৬ মে ২০১৪, ২২:১৯
দক্ষিণ আফ্রিকা কোচ রাসেল ডোমিঙ্গো বলেছেন, বিশ্বকাপের আগে জ্যাক ক্যালিসকে অবশ্যই বেশির ভাগ ওয়ানডে খেলতে হবে। তিনি বলেন, আগামী বছর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপের আগে আমাদের সূচিতে থাকা ২৪টি ওয়ানডের অধিকাংশ ম্যাচে অবশ্যই ক্যালিসকে খেলতে হবে। গত গ্রীষ্মে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও ৩৮ বছর বয়সী ক্যালিস ২০১৫ বিশ্বকাপে খেলার ইচ্ছে ব্যক্ত করেন। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার নির্বাচক কমিটির আহবায়ক এন্ড্রু হাডসন এ মাসের প্রথম দিকে জানিয়েছিলেন আগামী জুলাইতে শ্রীলংকাগামী ওয়ানডে দলের অংশ হবেন ক্যালিস। ফেব্রুয়ারি ২০১২ থেকে নভেম্বর ২০১৩ সালের মধ্যে কোন ওয়ানডে খেলেননি ক্যালিস। তবে গত বছর পাকিস্তান ও ভারতের বিপক্ষে হোম সিরিজে দলে ফেরেন। শ্রীলংকা সফরের পর প্রোটিয়াসরা জিম্বাবুয়েতে অস্ট্রেলিয়াসহ একটি তিন জাতির ওয়ানডে সিরিজে অংশ নেবে।