দেশের দশটি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফল আজ শনিবার প্রকাশ করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান, ওয়েবসাইট ও মোবাইল এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা ফল জানতে পারবে।
সকাল ১০টায় গণভবনে শিক্ষাবোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এসএসসি পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেবেন। পরে সচিবালয়ে দুপুর ১ টায় শিক্ষামন্ত্রী ফলাফলের বিস্তারিত তুলে ধরে সাংবাদিকদের ব্রিফ করবেন। এর পরপরই সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও ওয়েবসাইট এবং মোবাইল এসএমএসের মাধ্যমে ফল পাওয়া যাবে।
ওয়েবসাইট: শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার ফল জানতে পারবে। ওয়েবসাইটের ঠিকানা: www.educationboardresults.gov.bd
মোবাইল এমএমএস: যে কোন মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে মোবাইল ম্যাসেজ অপশনে গিয়ে সাধারণ ও কারিগরি শিক্ষা বোর্ডের জন্য ssc ও মাদ্রাসা বোর্ডের জন্য Dakhil লিখে একটি স্পেস দিতে হবে। এরপর শিক্ষাবোর্ডের প্রথম তিন অক্ষর লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবারো একটি স্পেস দিয়ে পাসের সন লিখতে হবে। এরপর এসএমএসটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
সাধারণ শিক্ষা বোর্ড:
sscDharoll no 2014 sent to 16222
মাদ্রাসা শিক্ষাবোর্ড:
DakhilMadroll no 2014 sent to 16222
কারিগরি শিক্ষাবোর্ড:
sscTecroll no 2014 sent to 16222
গত ৯ ফেব্রুয়ারি থেকে ২২ মার্চ এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শেষ হয়। এবার দেশের মোট দশটি শিক্ষা বোর্ডে ২ হাজার ৯৪২টি পরীক্ষা কেন্দ্রে ২৭ হাজার ৪৮৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ লাখ ৩২ হাজার ৭২৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। আটটি সাধারণ বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১০ লাখ ৯০ হাজার ৫৫৫ জন। এদের মধ্যে ছাত্র ৫ লাখ ৩৬ হাজার ২১৭ জন এবং ছাত্রী ৫ লাখ ৫৪ হাজার ৩৩৮ জন।
মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ২ লাখ ৩৯ হাজার ৭৪৯জন পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ছাত্র ১ লাখ ২১ হাজার ৬০১ জন এবং ছাত্রী ১ লাখ ১৮ হাজার ১৪৮ জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ২ হাজার ৪২৩ জন অংশ নেয়। এদের মধ্যে ছাত্র ৭৫ হাজার ৩৮৪ এবং ছাত্রী ২৭ হাজার ৩৯ জন। দেশের বাইরে সাতটি কেন্দ্রে অংশ নিয়েছে মোট ২৯৬ জন পরীক্ষার্থী। এর মধ্যে ১৩৬ জন ছাত্র এবং ১৬০ জন ছাত্রী।
