রাজধানীর হাতিরঝিলে নাটোরের বড়াইগ্রাম উপজেলা যুবদলের নেতা জিয়াউল হক সেন্টুকে (৩৮) ছুরিকাঘাতের পর গাড়িচাপা দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। রাজনীতির পাশাপাশি সেন্টু জমি কেনা-বেচার ব্যবসা করতেন। তাকে হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত কোন তথ্য পাওয়া যায়নি। গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত হত্যায় জড়িতদের শনাক্ত করতে পারেনি পুলিশ।
রমনা থানার এসআই এনামুল হক জানান, হাতিরঝিলের রমনা অংশের ৪০ ঘর বস্তির কাছে রাত ২টার দিকে সেন্টুকে হত্যা করা হয়। ঘটনাস্থলের অদূরে বালু ফেলার কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। তাদের ভাষ্য অনুযায়ী, রামপুরার দিক থেকে একটি ভক্সি মাইক্রোবাস সেখানে এসে থামে। গাড়ি থেকে নামে চার পুরুষ ও দুই নারী। তারা সেন্টুকেও জোর করে গাড়ি থেকে নামিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। চিত্কার শুনে শ্রমিকরা এগিয়ে যান। তখন ঐ পুরুষ ও নারীরা দ্রুত গাড়িতে উঠে পালিয়ে যান। পালাবার সময় ঐ গাড়ির চাকায় পিষে যান তারা সেন্টুকে। শ্রমিকরা সেখানে পৌঁছে সেন্টুর থেতলানো নিথর দেহ পড়ে থাকতে দেখেন। এনামুল হক জানান, প্রথমে অজ্ঞাত পরিচয় হিসেবে লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দেখে তার নাম-ঠিকানা জানা যায়। তার কাছে নাটোরের স্থানীয় একটি জুয়েলার্সের ভিজিটিং কার্ড পাওয়া যায়। কার্ডে থাকা একটি মোবাইল ফোন নম্বরে কল করা হলে তারা সেন্টুকে চেনেন বলে জানান। তাদের মাধ্যমে নিহতের স্বজনদের খবর দেয়া হয়। গতকাল শুক্রবার তার ভাই রেজাউল করিম এসে লাশ শনাক্ত করেন।
রেজাউল করিম পুলিশকে জানান, তার ভাই জমি কেনা-বেচার ব্যবসা করেন। তিনি বড়াইগ্রাম যুবদলের একজন নেতা। ব্যবসায়িক প্রয়োজনে তিনি কখনো মিরপুর, কখনো সাভারে মেসে থাকেন। তার গ্রামের বাড়ি নাটোরের বড়াইগ্রামের আহম্মেদপুরের কামারদহ এলাকায়। গ্রামে তার স্ত্রী ও চার বছরের ছেলে রয়েছে। সেন্টুর বাবা প্রয়াত ওয়াজেদ আলী।
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের বড়াইগ্রাম উপজেলা যুবদলের প্রচার সম্পাদক জিয়াউল হক সেন্টুর (৩৮) হাত-পা বাঁধা লাশ শুক্রবার সকালে ঢাকার হাতিরঝিল এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। পরিবার সূত্রে জানা যায়, কিছুদিন যাবত্ সেন্টু ব্যবসায়িক কাজে সাভারে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি সাভার থেকে হাতিরঝিলের উদ্দেশ্যে রওনা দিয়ে আর বাসায় ফেরেননি। শুক্রবার সকালে রমনা থানা পুলিশ ঢাকার হাতিরঝিল এলাকা থেকে তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে।
