প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের ১৬তম লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বড় বিজয়ে দলটির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের জনগণ এবং নিজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। গতকাল শুক্রবার মোদীকে পাঠানো এক অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বলেন, এই রায় আপনার বলিষ্ঠ, প্রেরণা সৃষ্টিকারী, দূরদর্শিতা এবং নেতৃত্বের গুণের প্রতি জনগণের আস্থার প্রতীক। বাংলাদেশের একজন বড় সুহূদ আমাদের অত্যন্ত বন্ধুপ্রতীম দেশের নেতৃত্ব দিতে যাচ্ছেন এটা জেনে আমি অত্যন্ত আনন্দিত।
প্রধানমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ এবং ভারত পারস্পরিক উন্নয়নের অংশীদার। আমাদের ইতিহাস এবং সংস্কৃতির বন্ধন হাজার বছরের পুরানো।এই অবিচ্ছেদ্য বন্ধন স্থায়ী রূপ লাভ করে যখন ভারতের গোটা রাজনীতিক অঙ্গন ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের ঐতিহাসিক স্বাধীনতা যুদ্ধে সমর্থন দান করে। সময়ের বিবর্তনে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে ঐতিহাসিক অগ্রগতি হয়েছে যা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে। আমাদের দুই দেশের জনগণ আমাদের যে রায় দিয়েছে তার ভিত্তিতে আমরা পরস্পরের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার এবং আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে ক্রমান্বয়ে আরো উচ্চতায় নিয়ে যাবার প্রত্যাশা করি। অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী এই আনন্দঘন মুহূর্তে ভারতের জনগণের মঙ্গল কামনা করেন।
বিএনপির অভিনন্দন
ভারতের নির্বাচনে বিজেপি’র বিজয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে বিজেপির বিজয়কে আমরা সমগ্র ভারতের বিজয় হিসেবেই দেখি। ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণ তাদের ভোট দিয়ে জনতা পার্টিকে বিজয়ী করেছে। আমরা তাদের অভিনন্দন ও স্বাগত জানাই। মির্জা ফখরুল বলেন, আমাদের নিকটতম দেশ হিসেবে আশা করি নতুন সরকার বাংলাদেশের মানুষের মন বোঝার চেষ্টা করবে। সংখ্যাগরিষ্ঠ মানুষ কি চায় তার প্রতিফলন ঘটাবে। আমাদের যে পাওনা ও সমস্যা রয়েছে সেগুলো বোঝার চেষ্টা করবে। তিস্তাসহ অভিন্ন নদীর পানি সমস্যা সমাধান ও সীমান্তে বাংলাদেশের নাগরিক হত্যা বন্ধে এগিয়ে আসবে।
বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা এবং খালেদা জিয়ার মামলা বিশেষ আদালতে স্থানান্তরের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে ’৯০ এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত এক সমাবেশে গতকাল তিনি এসব কথা বলেন।
এদিকে বিকালে দলের কেন্দ ীয় অফিসে এক সাংবাদিক সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম নরেন্দ মোদীকে অভিনন্দন জানিয়ে বলেন, ভারতের জনগণ যা সঠিক মনে করেছে তারা তাই করেছে। তাদের রায়কে স্বাগত জানাই।
এরশাদের অভিনন্দন
প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ ভারতের নির্বাচনে বিজেপির বিজয়ে নরেন্দ মোদিকে অভিনন্দন জানিয়েছেন। তিনি এ বিজয়কে গণতন্ত্রের বিজয় উল্লেখ করে ভারতীয় জনগণকেও শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল শুক্রবার এক বিবৃতিতে এরশাদ এ অভিনন্দন জানান।
বিবৃতিতে এরশাদ আশা প্রকাশ করেন, এই নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার গঠিত হবে তারা তিস্তার পানি বণ্টন চুক্তিসহ আন্তর্জাতিক নদী শাসননীতির আওতায় বাংলাদেশের সঙ্গে ভারতের পানি বণ্টন চুক্তির সঠিক বাস্তবায়ন করবে। বন্ধুপ্রতীম দুই দেশের মধ্যে বিরাজমান সম্পর্ক আগামী দিনগুলোতে আরও বেশি দৃঢ় হবে।
মোদীকে জামায়াতের অভিনন্দন
ভারতের লোকসভা নির্বাচনে বিজয়ী হওয়ায় বিজেপির নেতা নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছে জামায়াতে ইসলামী। সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে ভারতের নতুন সরকার দেশ পরিচালনা করবে বলে আশা প্রকাশ করেছে দলটি। গতকাল জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এক বিবৃতিতে আরো বলেন, জামায়াতে ইসলামী বরাবরই প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে সত্ প্রতিবেশীসুলভ সম্পর্ক রক্ষায় আগ্রহী। জামায়াত বিশ্বাস করে ভারত ও বাংলাদেশের মধ্যে যে সব সমস্যা রয়েছে তা সমমর্যাদার ভিত্তিতে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব।
