আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন, দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিকল্প নেই। গণতন্ত্র ও সাংবিধানিক ধারা অব্যাহত রেখে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
গতকাল শুক্রবার বিকালে মহানগর নাট্য মঞ্চে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শেখ সেলিম বলেন, জিয়াউর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর হত্যা, ক্যু’র মধ্য দিয়ে রাজনীতি শুরু করেন। তখন দেশে কেউ গণতন্ত্রের কথা বলার সাহস পেতো না। আওয়ামী লীগের ৩০ হাজার নেতাকর্মীকে সে সময় গ্রেপ্তার করা হয়েছিল। তিনি বলেন, ৭৯’তে আমি সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং বঙ্গবন্ধু হত্যার বিচার দাবি করি। ভারতে থাকা অবস্থায় আওয়ামী লীগ সভানেত্রী হিসাবে নির্বাচিত হওয়ার পর আমি দিল্লিতে তার সঙ্গে দেখা করেছিলাম। দেশে ফিরে আসার ব্যাপারে জীবনের ঝুঁকি আছে জেনেও আমাদের প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করেছিলেন তিনি। দেশে ফিরে তিনি গণতন্ত্র, মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন শুরু করেন। তারই ফলশ্রুতিতে আজকের এই ডিজিটাল বাংলাদেশ।
যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহিদ সেরনিয়াবাত, মুজিবুর রহমান চৌধুরী, অধ্যাপক আমজাদ হোসেন, মোঃ আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ মহি, মঞ্জুরুল আলম শাহীন, বাবু সুব্রত পাল, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, উত্তর যুবলীগের সভাপতি মাইনুল হাসান খান নিখিল, সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন প্রমুখ।
