ক্ষুদে বন্ধুদের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে এগিয়ে চলেছে স্কুলভিত্তিক প্রতিভা যাচাই প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডার ২০১৪। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয় ঢাকা জোন-৮ ও ৯’র সিলেকশন রাউন্ড। বটমলী হোমস গার্লস হাই স্কুলে জোন-৮’র প্রতিযোগিতায় ২শ ২০টির বেশি স্কুল থেকে প্রায় ৮ হাজার প্রতিযোগী এবং গভ. ল্যাবরেটরি হাই স্কুলে জোন-৯’র প্রতিযোগিতায় ২শর বেশি স্কুল থেকে প্রায় ৭ হাজার প্রতিযোগী অংশ নেয়।
বেলুন উড়িয়ে গতকাল সকালে ঢাকা জোন-৮’র সিলেকশন রাউন্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অভিনেতা নাদের চৌধুরী ও ঢাকা বটমলী হোমস গার্লস হাই স্কুলের সহকারি প্রধান শিক্ষিকা ম্যারি সীমা। অন্যদিকে জোন-৯’র সিলেকশন রাউন্ডের উদ্বোধন করেন সঙ্গীত শিল্পী খুরশিদ আলম এবং গভ. ল্যাবরেটরি হাই স্কুলের প্রধান শিক্ষিকা ফাতেমা আকতার।
বিকালে নৃত্যশিল্পী তাবাসসুম আহমেদ জোন-৮’র এবং অভিনেতা ঝুনা চৌধুরী এবং আবুল খায়ের কনজ্যুমার গুডস ডিভিশনের কর্মকর্তারা জোন-৯’র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। আগামী ২৩ মে আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ বনশ্রী শাখায় ঢাকা জোন-১০ এবং সাভারের অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ঢাকা জোন-১১’র সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত হবে।
