ফেনী শহরের পাগলামিয়া সড়কে একটি ৫ তলা ভবনের নিচতলার এক ফ্ল্যাটে গতকাল শুক্রবার সকালে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কল্লোল (২৪) নামে এক যুবকের দেহ ঝলসে গুরুতর আহত হয়। বিস্ফোরণে ঘরের আসবাবপত্র লণ্ডভণ্ড ও দরজা-জানালা ভেঙ্গে চুরমার হয়ে যায়। এ সময় পাশের ভবনের দরজা-জানালা ভেঙ্গে গেছে। আহত কল্লোলকে প্রথমে ফেনী জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে উন্নত চিকিত্সার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
বিস্ফোরণের কারণ সম্পর্কে দুর্ঘটনাকবলিত ঘরের ভাড়াটিয়া মনোয়ারা বেগম জানান, গ্যাস বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে বলে তিনি ধারণা করছেন। বাড়ির মালিকের ছোট ভাই আলমগীর মজুমদার জানান, কিভাবে এই বিস্ফোরণ হয়েছে তা আমরা জানি না। এদিকে পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস, গ্যাস অফিসের টেকনিশিয়ান ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ফেনী মডেল থানার ওসি মো. মাহবুব মোরশেদ বলেন, তদন্তের পর বিস্ফোরণের কারণ সম্পর্কে বলা যাবে।
