বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভোলার গ্যাস দিয়ে যে বিদ্যুত্ কেন্দ্র হচ্ছে, তা দিয়ে দেশের দক্ষিণাঞ্চলের চাহিদা পূরণ হবে। একই সঙ্গে এ জেলায় শিল্পকারখানা গড়ে ওঠবে।
উত্সবমুখর পরিবেশে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটে শুক্রবার সকালে তৃতীয় শাহবাজপুর গ্যাস কূপ খনন কাজের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, প্রাকৃতিক সম্পদের কারণেই ভোলা অর্থনৈতিকভাবে বাংলাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলা। তিনি উল্লেখ করেন, নভেম্বরের মধ্যে ভোলায় ১২৫ মেগাওয়াট বিদ্যুত্ কেন্দ্রে উত্পাদন শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে তা উদ্বোধন করবেন। আগামী বছর একই স্থানে ১০০ মেগাওয়াট বিদ্যুত্ কেন্দ্র নির্মিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিদ্যুত্ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি উন্নয়ন কর্মকাণ্ডে সকলের সহযোগিতা কামনা করেন। সমাবেশে আরো বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার এ নিকোলায়েভ, ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল, পেট্রোবাংলার চেয়ারম্যান ড. হোসেন মনসুর, বাপেক্স এর ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল বাকী প্রমুখ। পরে মন্ত্রী ভোলার গ্যাস ক্ষেত্রের মজুদ পরীক্ষার জন্য ত্রিমাত্রিক সাইসমিক জরিপের কাজের উদ্বোধন করেন।
