আজমিরীগঞ্জে নৌকা ডুবে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

আপডেট : ১৬ মে ২০১৪, ২৩:৪৬
জেলার আজমিরীগঞ্জে নৌকা ডুবে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে। বাজারের লোকজন বিষয়টি দেখতে পেয়ে নদী থেকে লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সন্ধ্যায় একটি নৌকায় তারা জমি থেকে ধান আনছিল। এ সময় প্রচণ্ড ঝড় শুরু হলে শিবপাশা বাজারের পাশে কুদালিয়া নদীতে নৌকাটি দাঁড় করিয়ে তারা নৌকায় আশ্রয় নেয়। এক পর্যায়ে নৌকাটি ডুবে গিয়ে তাদের মৃত্যু হয়। দুর্ঘটনায় নৌকার ভেতরে ছিল—জলসুখা মিরহাটি গ্রামের আক্কাছ মিয়ার স্ত্রী মাকসুদা বেগম (৫০), তার ছেলে এরশাদ (৩০) ও মাকসুদার খালা শিবপাশা গ্রামের জবেদা খাতুন (৭০)।