ইদানীং মিডিয়ার কল্যাণে ক’জন তারকার ছবি রিলিজ না হলেও তাদের নিয়ে বেশ আলোচনা শোনা যায়। তবে এসব সম্ভাবনাময় তারকা নিজেদের ফেসবুক আপডেট আর মিডিয়া যোগাযোগের মাধ্যমেই যেন দারুণ এক জায়গা করে নিয়েছেন। তেমনি খুব উজ্জ্বল দুটি উদাহরণ হলো অমৃতা ও পরীমণি। এই দুই সম্ভাবনাময় তারকার কোনো ছবি আজ পর্যন্ত রিলিজ না হলেও তারা এই নিজস্ব পরিচিতির মাধ্যমেই টকশো বা বিভিন্ন ভিজ্যুয়াল মিডিয়ায় আলোচনায় থাকার ব্রত নিয়েছেন।
এর ভেতরে পরীমণির আপকামিং ছবির সংখ্যা সর্বাধিক। অভিনয়ের পরীক্ষায় তাই লিখেই চলেছেন। দর্শকদের উত্তরের পরেই বোঝা যাবে তার অবস্থান। তবে এর আগেই এক চিত্র পরিচালক তার বিরুদ্ধে ‘বেয়াদবি’র অভিযোগ নিয়ে এসে নিজের ছবির কাস্টিং বদলে দিয়েছেন। তা নিয়ে বেশ লেখালেখি হলে পরীমণি বলেন, ‘তারা আমাকে নিয়ে বাজে মন্তব্য করলে আমি যদি তার প্রতিবাদ করে বেয়াদব হই। তাহলে এমন বেয়াদবি আমি আরও করতে চাই। আর আমি কারো সাথে অশোভন আচরণ কেন করব? আর যদি তাই হতাম তাহলে এক ডজন ছবিতে আমি কাস্ট হতে পারতাম না। যার ভেতরে ৪টি ছবির কাজ এরই ভেতরে শেষ পর্যায়ে। তারা আমার কাছে সিনেমার গল্পের জন্য এসেছিল তাদেও স্ক্রিপ্ট ও অন্যান্য সকল পরিকল্পনা আমার কাছে পছন্দ হয়নি বলে আমি শুধু জানাই, আমার পক্ষে ছবিটি করা সম্ভব নয়। একজন চলচ্চিত্র কর্মী হিসেবে অন্তত এটুকু বলার অধিকার আমি রাখি আমার ক্যারিয়ারের স্বার্থেই। অথচ এটা বলাতেই আমার ক্যারিয়ার তারা দেখে নেবেন বলে শাসিয়ে গেলেন। আমার ছবি রিলিজ হওয়ার আগেই আমার নামে গসিপ বেরোনো শুরু হলো। আমি শুধু বলতেই চাই, এমন দুশ্চরিত্রদের কাছে আমি ‘বেয়াদব’ই থাকতে চাই।’
তবে এ নিয়ে পরীমণি পরিচালক ও শিল্পী সমিতির কাছে বিচার চাইবেন বলে জানান।
উল্লেখ্য, পরীমণির আপকামিং ছবিগুলো হলো ‘রানা প্লাজা’, ‘ইনোসেন্ট লাভ’, ‘আমার মন জুড়ে তুই’, ‘ভালোবাসা সীমাহীন’, ‘পুড়ে যায় মন’, ‘সারপ্রাইজ’ ইত্যাদি।
