বলিউডি টুইটারে মোদি

আপডেট : ১৭ মে ২০১৪, ২০:০৫
ভারতে লোকসভা নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ বিজয়ের আনন্দ হাওয়া লেগেছে বলিউডসহ চলচ্চিত্রাঙ্গনেও। এমনিতেই এবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক তারকাদের অংশগ্রহণ দেখা গেছে। তবে এর ভেতরে অধিকাংশ তারকায় নিজ নিজ দল থেকে জয়লাভ করেছেন। লোকসভা নির্বাচনে এই অন্যরকম সাংস্কৃৃতিক বিপ্লবটাও তাই ভারতীয় মিডিয়াতে বেশ ইতিবাচক বিশ্লেষণ চলছে। এদিকে নরেন্দ্র মোদীর এই অভাবনীয় সাফল্যকে সাধুবাদ জানাতে ফেসবুক, টুইটারে তারকাদেরও মতামত পোস্ট করতে দেরি হয়নি। তবে সবার আগে সালমান রয়েছেন। তিনি, টুইটার বা ফেসবুক নয়; সরাসরি ফুলেল শুভেচ্ছা নিয়ে হাজির হয়েছেন তার কাছে। তার জন্য শুভকামনা এবং ভারতের চলচ্চিত্রের জন্য তিনি অন্যতম অনুপ্রেরণা হবেন এমন আশাবাদ ব্যক্ত করেছেন। এদিকে সালমানের হঠাত্ সর্বাগ্রে এই অভিনন্দন জানানোর অন্য এক গন্ধও অবশ্য খুঁজছেন কেউ কেউ। কারণ এমনিতেই বেচারা সালমানের কাঁধের ওপরে ঝুলছে ‘হিট অ্যান্ড রানে’র বিতর্কিত মামলা। যে মামলায় তিনি প্রায় ধরাশায়ী। এ অবস্থায় শেষ আস্থা খোঁজার জন্যই কি এই শুভ অভিনন্দনের কার্যক্রম। অনেকেই মন্তব্য করছেন, ‘হতেই পারে।’ তবে যারা সরাসরি নিজেদের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করেননি। তারা প্রায় সকলেই মোদীর এই বিজয়কে শুভেচ্ছা জানিয়েছেন নিজেদের টুইটার ও ফেসবুকে। শাহরুখ খান বলেছেন, ‘কী দারুণ রায় পাওয়া গেল জনমানুষের। এর একটি প্রতিপাদ্য ছিল তা হলো ‘পরিবর্তন’। এখন আমরা সেই শব্দেরই শক্ত ভিত ও বিশ্বাস নিয়ে অগ্রযাত্রা দেখতে চাই।’ অভিনেতা-নির্মাতা ফারহান আকতার বলেন, ‘ভারতীয় রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হলো।’ প্রীতি জিনতা লিখেছেন, ‘আমি আত্মবিশ্বাসী এখন ভারতের সমৃদ্ধির ব্যাপারে।’ নির্মাতা করণ জোহর লিখেছেন, ‘বিজেপি :বছরের সবচেয়ে বড় ব্লকবাস্টার। দারুণ ওপেনিং নিয়ে শুরু করল।’ শাবানা আজমী লিখেছেন, ‘কী দারুণ সিদ্ধান্তে এখন মোদী ও বিজেপি। এটার একটাই এখন অনুপ্রেরণা ও চাওয়া তা হলো ‘পরিবর্তন’। অভিনেতা অর্জুন রামপাল লিখেছেন, ‘এটা একটা ঐতিহাসিক জয়। আমাদের সন্তান ও জাতির জন্য দারুণ এক ভবিষ্যত্ দেখতে পাচ্ছি।’