নজরুলের শত শত গান থেকে শ্রোতা-ভক্ত এবং নিজের ভালোলাগার ভিত্তিতে ফাহমিদা নবী বাছাই করেন নয়টি গান। সবগুলো গানই প্রেমনির্ভর। ২০০৭ সালে রবীন্দ্রসংগীতের অ্যালবাম করার পর থেকে নজরুলের গান করার চিন্তা মাথায় ঘুরলেও বছর দুয়েক আগে শুরু হয় প্রাথমিক পরিকল্পনা। কিছুটা ভয় এবং সামগ্রিক বিশ্লেষণের পরেই কাজ শুরু করেন তিনি। গানগুলোর রেকর্ডিং চলেছে দু’মাস ধরে। এখন ভাবছেন অ্যালবামের নাম নিয়ে। ফাহমিদা নবী বলেন, ‘অ্যালবামটি করার আগে নজরুলকে আরও ভালো করে জানার চেষ্টা করেছি। নজরুলের চিন্তা, চেতনা, উপলব্ধি সম্পর্কে বিস্তর ধারণা নেওয়ার পরই মূলত অ্যালবাম করার চূড়ান্ত সিদ্ধান্তে আসা।’
একটি অ্যালবামের পেছনে এত সময় এবং প্রিপারেশনের কথা জানতে চাইলে তিনি বলেন, ‘পরিকল্পনা ছাড়া কোনো কাজই পূর্ণতা পায় না। তাছাড়া নজরুলের গান করার আগে গবেষণাটাও জরুরি। গানের কথা, ভাব, আবেগ, অনুভূতি ধরে ধরে গাইতে হয়। তবে রেকর্ডিংয়ের কাজটা খুব কম সময়ের মধ্যেই শেষ করেছি।’ অ্যালবামের গানগুলো হলো—‘কেমনে রাখি’, ‘বুলবুলি নীরব’, ‘অঞ্জলী লহ মোর’, ‘সুরে ও বাণী’, ‘আমার হাত ধরে’, ‘না মিটিতে আশা’, ‘আমার ভালোবাসার সাধ’, ‘যারে হাত দিয়ে মালা দিতে পারিনি’, ‘আমার যাবার সময়’। সবগুলো গানের সংগীতায়োজন করেছেন পার্থ মজুমদার। রবীন্দ্র, নজরুল এবং মৌলিক গান মিলিয়ে এটি ফাহমিদা নবীর ১৩তম একক অ্যালবাম।
