প্রবৃদ্ধির হার ধরে রাখতে উত্পাদন ক্ষমতা বাড়ানোর তাগিদ

আপডেট : ১৭ মে ২০১৪, ২০:৩২
টানা তিন বছর ধরে মোট দেশজ উত্পাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার পূর্ববর্তী বছরের তুলনায় কমে যাওয়ার প্রবণতা মোকাবেলার জন্য দক্ষ অর্থনৈতিক ব্যবস্থাপনার মাধ্যমে উত্পাদন ক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষণ। অর্থনীতি ও উন্নয়ন সংক্রান্ত বার্ষিক পর্যালোচনায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তাগিদ দেয়া হয়েছে। পর্যালোচনায় বলা হয়েছে, অদূরদর্শী রাজস্ব ব্যবস্থাপনা ও অসামঞ্জস্য মুদ্রানীতির কারণে অর্থনীতিতে বিনিয়োগ স্থবিরতা এবং কৃষিখাত, শিল্পখাত ও বহিঃখাতে প্রবৃদ্ধি কমে যাচ্ছে। এছাড়া সাম্প্রতিক সময়ে দারিদ্র্যের হার কমার গতিও কমে গেছে। অন্যদিকে বেকারত্ব বিশেষ করে শিক্ষিত বেকারত্বের হার বৃদ্ধি পেয়েছে। সামাজিক খাতে বাজেট বরাদ্দ ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন উভয়ই হ্রাস পেয়েছে। ২০১৩-১৪ অর্থবছর রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ও প্রকৃত আয়ের মধ্যে ব্যবধান বৃদ্ধির প্রবণতা দেখা গেছে, যা অর্থনীতিতে অবকাঠামোগত উন্নয়নে সরকারের বিনিয়োগ সক্ষমতা কমিয়ে দিয়েছে। তথ্যে দেখা গেছে, জিডিপি প্রবৃদ্ধির হার ২০১০-১১ অর্থবছরের ৬ দশমিক ৭১ শতাংশ থেকে কমে গিয়ে ২০১১-১২ অর্থবছরে ৬ দশমিক ২৩ শতাংশে ও ২০১২-১৩ অর্থবছরে ৬ দশমিক ৩ শতাংশে দাঁড়িয়েছে। বার্ষিক অর্থনৈতিক পর্যালোচনায় আরও বলা হয়েছে, অর্থনীতিতে সঞ্চয় ও বিনিয়োগের হার প্রায় স্থবির অবস্থায় রয়েছে। সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে সম্প্রতি উচ্চ ব্যবধান পরিলক্ষিত হচ্ছে। সঞ্চয় ও বিনিয়োগের পার্থক্য পুঁজি পাচারকেও নির্দেশ করে। ২০১১-১২ অর্থবছরের সঞ্চয় ও বিনিয়োগের ব্যবধান ছিল ২ দশমিক ৬৪ শতাংশ যা ২০১২-১৩ অর্থবছরে ২ দশমিক ৬৭ শতাংশে এসে দাঁড়িয়েছে। সাম্প্রতিক সময়ে অর্থনীতিতে মূলধন ও উত্পাদনের অনুপাতের অবনতি পরিলক্ষিত হয়, যা বিনিয়োগের পরিমাণের স্থবিরতা ও কম উত্পাদনশীলতাকে নির্দেশ করে। যদি বর্তমান অর্থবছরেও গতবছরের মূলধন ও উত্পাদনের অনুপাত ৪:৪৪ বজায় থাকে, তাহলে বর্তমান অর্থবছরে মোট দেশজ উত্পাদনের ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের জন্য দেশে বিনিয়োগের পরিমাণ মোট দেশজ উত্পাদনের ৩২ শতাংশে উন্নীত করতে হবে। আর সরকারি টার্গেট ৭ দশমিক ২ শতাংশ অর্জন করতে বিনিয়োগ লাগবে জিডিপির ৩৮ দশমিক ২১ শতাংশ, যা বর্তমান পরিস্থিতিতে অসম্ভব। পর্যালোচনায় বলা হয়েছে, ২০০৮-০৯ অর্থবছর থেকে ২০১২-১৩ অর্থবছরের মধ্যে বিদ্যুত্ সরবরাহের খরচ ১৬৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০০৮-০৯ অর্থবছরে এক ইউনিট বিদ্যুত্ উত্পাদনে খরচ হত ২ দশমিক ৫৫ টাকা, যা ২০১২-১৩ অর্থবছরে ৬ দশমিক ৭ টাকায় উপনীত হয়।