ভারতের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিজেপির হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের সঙ্গে কাজ করার ইচ্ছা জানিয়েছে চীন। নির্বাচনের মাধ্যমে সংস্কার আসা নতুন সরকারের সঙ্গে দ্বি-পাক্ষিক সম্পর্ক আরো উচ্চমাত্রা পাবে বলেও আশা করে বেইজিং কর্তৃপক্ষ।
ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দুর খবরে বলা হয়, শুক্রবার লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইয়ং কাছে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, ভারতের নতুন সরকারের সঙ্গে যৌথ উদ্যোগের মাধ্যমে কাজ করতে আগ্রহী চীন। দুই দেশের মধ্যে লেনদেন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ?দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে আরো উচ্চমাত্রায় প্রতিষ্ঠিত করতে আগ্রহী তার দেশ। হুয়া আরো বলেন, চীনের অন্যতম প্রতিবেশী রাষ্ট্র হওয়ার কারণে ভারতের সঙ্গে নিজেদের সম্পর্ককে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখে বেইজিং। সামপ্রতিক সময়ে বেইজিং-দিল্লির দ্বি-পাক্ষিক সম্পর্ক আরো গতিশীল মাত্রা পেয়েছে।
সীমান্ত সমস্যা, তিব্বত ও দালাইলামা ইস্যুতে মোদির অবস্থান স্পষ্ট না হলেও দ্বি-পাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে মোদি অগ্রবর্তী ভূমিকা রাখবেন বলে চীনা বিশ্লেষকদের ধারণা। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালে একাধিকবার চীন সফর করেছিলেন মোদি। তার রাজ্য গুজরাটেও চীনের ব্যাপক বিনিয়োগ রয়েছে।
