জয়ললিতার চমক

আপডেট : ১৭ মে ২০১৪, ২১:৪৯
লোকসভায় বিজেপির একক বিজয় আর ক্ষমতাসীন কংগ্রেসের শোচনীয় পরাজয়ের মধ্যে আঞ্চলিক পর্যায়ে আরেক চমক সৃষ্টি করেছেন জয়ললিতার দল এআইএডিএমকে। শুক্রবার ঘোষিত ফলাফলে তামিলনাডুর অন্যসব দল এমনকি কংগ্রেসকেও দৃশ্যপট থেকে দূরে সরিয়ে রাজ্যের ৩৯ আসনের ৩৭টির দখল নিয়েছেন জয়ললিতা। আসন সংখ্যার বিচারে তার দল এআইএডি-এমকে এখন ভারতের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি। লোকসভায় ভারত জুড়ে ঢেউ তুললেও তামিলনাডুতে দুইটি আসন পেয়েছে বিজেপি; যে দলটির এক সময়কার জোটসঙ্গী ছিলেন জয়ললিতা। এছাড়া রাজ্যের প্রধান বিরোধী দল ও কংগ্রেসের রাজনৈতিক মিত্র দল ডিএমকে লোকসভা নির্বাচনে তামিলনাডু থেকে শূন্য হাতে ফিরে গেছে। ভারতের দ্য হিন্দু পত্রিকার খবরে বলা হয়, ফলাফল ঠিক থাকলে লোকসভা নির্বাচনের দৌড়ে বিজেপি ও কংগ্রেসের পর নিখিল ভারতের তৃতীয় অবস্থানে চলে এসেছে জয়ললিতার দল। এক সময়ের চলচ্চিত্র তারকা জয়ললিতা ভোটারদেরকে ধন্যবাদ জানান।