ফেভারিটদের চমকে দিতে প্রস্তুত ঘানা

আপডেট : ১৭ মে ২০১৪, ২২:০২
পর্তুগাল, জার্মানির মতো শক্তিশালী গ্রুপ সঙ্গীদের ডিঙ্গিয়ে ব্রাজিল বিশ্বকাপেও নিজেদের অতীত সাফল্য ধরে রাখতে আত্মবিশ্বাসী ঘানা। বড় দলগুলোর বিরুদ্ধে মুখোমুখিতায় ঘানা তাদের সেরা ফর্মে দেখা দেবে বলেও মন্তব্য করেছেন দলটির অধিনায়ক আহামোয়াহ জিয়ান। আট বছর আগে জার্মানিতে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলা ঘানা শেষ ষোলোতে পৌঁছে অনেকটা চমকেই দেয় সবাইকে। তবে সবার জন্য আরো বড় চমক অপেক্ষা করছিল দক্ষিণ আফ্রিকায়। ব্রাজিল-আর্জেন্টিনার মতো বড় দলগুলোর পাশাপাশি বিশ্বকাপের গত আসরে কোয়ার্টার ফাইনালে খেলে আফ্রিকান এই দেশটি। মাইকেল এসিয়েন-জিয়ানদের উজ্জীবিত পারফরম্যান্স প্রশংসিত হয় পুরো আফ্রিকা জুড়েই। জিয়ানের বিশ্বাস উন্নতির সেই ধারাবাহিকতা বজায় রেখে এবারও দারুণ কিছুই উপহার দেবে তার দেশ। আর এগিয়ে যাওয়ার সেই পথে জার্মানি-পর্তুগালের মতো শক্তিশালী প্রতিপক্ষকেও ছেড়ে কথা বলবে না ব্লাক স্টারসরা। প্রতিপক্ষের শক্তিমত্তাই তাদের সেরাটা বের করে আনবে জানিয়ে গত দুটি বিশ্বকাপেই অংশ নেয়া জিয়ান বলেন, ‘ঘানা বিষয়ে সবচেয়ে বড় কথাটা হচ্ছে আমরা যখনই বড় কোন দলের বিরুদ্ধে খেলি, আমরা ভালো খেলি। আমরা ২০০৬ এবং ২০১০ সালের বিশ্বকাপে খেলতে গিয়েছিলাম তখন সেটাই ঘটেছিল। মিশরেও (বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ) ঠিক সেটাই হয়েছিল এবং প্রত্যেকেই এই ম্যাচের সঙ্গে জড়িয়ে পড়েছিল। আমার বিশ্বাস, এই বিশ্বকাপেও ঠিক সেটাই হবে।’ মিশরের বিরুদ্ধে ঐ ম্যাচটিই বিশ্বকাপে জায়গা করে দেয় ঘানাকে। সাতবারের আফ্রিকান চ্যাম্পিয়নদের ঐ ম্যাচে রীতিমতো বিধ্বস্ত করে ঘানা। কুমাসিতে প্রথম লেগে ঘানা জয় পায় ৬-১ গোলের বিশাল ব্যবধানে। জিয়ানের কাছ থেকে আসে দুটি গোল। পরে দ্বিতীয় লেগে ২-১ ব্যবধানে হেরে গেলেও ব্রাজিলের টিকেট পেতে তাতে সমস্যা হয়নি ঘানার। ঐ ম্যাচে দলে না থাকা দলের সবচাইতে বড় তারকা এসিয়েনকেও বিশ্বকাপ দলে পাচ্ছেন কোচ কেইশি আপিয়াহ। তাছাড়া আক্রমণভাগে যুক্ত হয়েছেন মাজিদ ওয়ারিস, ক্রিশ্চিয়ান ওতসুর মতো উঠতি তারকাও। নাটালে ১৬ জুন আমেরিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ঘানার বিশ্বকাপ অভিযাত্রা। মার্কিনিদের বিরুদ্ধে বিশ্বকাপে অতীতের দুই সাক্ষাতে দুইবারই জয় পাওয়া ঘানার দ্বিতীয় রাউন্ডে যেতে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে পর্তুগালের সাথে। কারণ, তিনবারের চ্যাম্পিয়ন্স জার্মানিকে দ্বিতীয় রাউন্ডের অটোমেটিক চয়েস বলেই ধরে নেয়া হচ্ছে। ব্রাজিলিয়ায় ২৬ জুন নিজেদের শেষ গ্রুপ ম্যাচে পর্তুগীজদের মুখোমুখি হচ্ছে ঘানা। রোনালদোকে বশ মানানোই হবে এই ম্যাচে প্রধান চ্যালেঞ্জ উল্লেখ করে জিয়ান বলেন, ‘রোনালদো বিশ্বের সেরা খেলোয়াড় এবং এ বিষয়ে সন্দেহ নেই যে, সে দলটাকে কঠিন এক অবস্থায় নিয়ে যেতে পারে। তবে তার জন্য আমরা আমাদের মূল লক্ষ্য থেকে সরে আসবো না। আর পর্তুগালকে আলাদা করে দেখারও কোন সুযোগ নেই। কারণ বিশ্বকাপের চূড়ান্তপর্বে যে দলগুলো সুযোগ পেয়েছে তারা সবাই বড় দল। কোন দলকেই এখানে খাটো করে দেখার অবকাশ নেই।’ সুতরাং, প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের প্রস্তুত করার দিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন আল আইনের এই তারকা, ‘আমাদের বিশ্বের সেরা দলগুলোর মুখোমুখি হতে হবে। এখানে আমাদের করার কিছু নেই। সুতরাং, তাদের বিরুদ্ধে নিজেদের প্রস্তুত করে নেয়াটাই আমাদের লক্ষ্য।’ বিশ্বকাপ যাত্রার আগে রটারডামে নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে ঘানা।— এএফপি