শোয়েনির চোটে দুশ্চিন্তায় জার্মানি

আপডেট : ১৭ মে ২০১৪, ২২:০৩
জার্মানির চতুর্থ বিশ্বকাপ জয়ের অভিযাত্রায় অন্যতম বড় ভরসা মানা হচ্ছে তাকে। অথচ, বিশ্বকাপ শুরুর ঠিক আগে আগে আবারো ইনজুরিতে পড়েছেন বাস্টিয়ান শোয়েন-স্টেইগার। বায়ার্ন মিউনিখের হয়ে বরুশিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে গতকালের লিগ কাপ ফাইনালেও মাঠে নামতে পারেননি তিনি। আর মিডফিল্ড জেনারেলের এই চোট বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে জার্মান কোচ জোয়াকিম লোয়ের। বায়ার্নের হয়ে চলতি মৌসুমে একেবারেই ধারাবাহিক ছিলেন না শোয়েনস্টেইগার। বলা ভাল চোটই ধারাবাহিক হতে দেয়নি ‘শোয়েনি’ ডাকনামের এই তারকাকে। একই কারণে পর্তুগালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হতে যাওয়া জার্মানির বিশ্বকাপ অভিযাত্রায় এই মিডফিল্ডার শুরু থেকে থাকতে পারবেন কিনা নিশ্চিত নয় সেটাও। অথচ, গত দুটি বিশ্বকাপেই জার্মান দলের অবিচ্ছেদ্য অংশ খেলোয়াড়টিকে মানা হচ্ছে জার্মানির বহু বছরের শিরোপা খরা ঘোচানোর প্রধান হাতিয়ার হিসাবে। গত মার্চে চিলির বিরুদ্ধে ক্যারিয়ারের ১০১তম আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডারের দলে অপরিহার্যতা সম্পর্কে লো বলেন, ‘তার অভিজ্ঞতা আর অসাধারণ ফুটবল জ্ঞান আমাদের বিশ্বকাপ মিশনে বড় প্রভাব ফেলবে। সে যদি নব্বই মিনিট খেলার ক্ষমতা রাখে আর বলের উপর তার যে কৌশলগত নিয়ন্ত্রণ, কোন সন্দেহ নেই আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাস্তিয়ান যখন ভালো খেলে অন্য খেলোয়াড়রাও তখন ভাল করতে উত্সাহিত হয়।’ পায়ের পাতায় টানা দুটি অস্ত্রোপচারের কারণে গত বছরের নভেম্বর-ডিসেম্বরে প্রাক- মৌসুম প্রস্তুতি বাধাগ্রস্ত হবার পর জানুয়ারির শুরুতে কাতারে ব্যাভারিয়ানদের অনুশীলন সফরে হাঁটুর চোটে পড়েন শোয়েনি। তবে চোট সমস্যা কাটিয়ে মাঠে ফেরার পর নিজের পুরনো রূপেই দেখা দেন তিনি। মার্চ মাসের মাঝামাঝি লেভারকুজেনের বিরুদ্ধে মাঠে ফিরেই ফ্রি-কিক থেকে করেন দলের জয়সূচক গোলটি। এরপর চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের বিরুদ্ধেও একটি গোল আসে তার কাছ থেকে। তবে দুই মাস যেতে না যেতেই আবারো চোট। \ গত বিশ্বকাপের ঠিক আগে আগে নিয়মিত অধিনায়ক মাইকেল বালাকের চোটে বিশ্বকাপে বালাকের জায়গায় মিডফিল্ডের নিয়ন্ত্রকের ভূমিকায় খেলা শোয়েনি সেই থেকেই এই পজিশনে আছেন কোচের সবচেয়ে পছন্দের খেলোয়াড় হিসাবে। চোট কাটিয়ে ফিরতে পারলে এবারও হয়তো সে ভূমিকাতেই দেখা যাবে মাত্র ১৯ বছর বয়সে ইউরোর ২০০৪ আসরে জার্মানির হয়ে প্রথম কোন বড় টুর্নামেন্টে খেলা শোয়েনস্টেইগারকে। লোয়ের কণ্ঠেও তাই শোয়েনির ফিরে আসার অপেক্ষা, ‘দীর্ঘ সময় ধরেই চোট সমস্যায় ভুগছে সে। তবে আত্মবিশ্বাসী শোয়েনস্টেইগার দলের (সাফল্যের) জন্য গুরুত্বপূর্ণ।’ - ওয়েবসাইট