অবাক ডেমিকেলিস

আপডেট : ১৭ মে ২০১৪, ২২:০৩
২০১০ বিশ্বকাপে দলে থাকলেও সেই ২০১১ সালের পর থেকে আর জাতীয় দলে খেলা হয়নি। আর এর মধ্যে বয়সটাও বেড়ে গেছে। তাই ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ পারফরম্যান্সের পরও দলে জায়গা পাওয়াটা নিশ্চিত ছিল না তার। কিন্তু ম্যানচেস্টার সিটির ৩৩ বছর বয়সী মার্টিন ডেমিকেলিসের উপর ঠিকই আস্থা রেখেছেন কোচ আলেসান্দ্রো সাবেলা। আর হঠাত্ করে দলে ডাক পেয়ে খানিকটা অবাকই হয়েছেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের হয়ে ৩৭টি ম্যাচ খেলা এই সেন্ট্রাল ডিফেন্ডার। অ্যামেরিকা অ্যান্ড ক্লোস পত্রিকাকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘আমার মনে হয়েছিল আমি জাতীয় দলের জায়গা হারিয়ে ফেলেছি। আমি কল্পনাও করতে পারিনি যে, আমাকে দলে ডাক পাওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করতে হবে। প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের পর এর চেয়ে ভালভাবে কোনভাবেই মৌসুমের শেষ করতে পারতাম না। ঘটনাটা আমাকে অবাক করে দিয়েছে। বিশ্বকাপ আমার স্বপ্ন। ডাক পাওয়া মুহূর্তটা সত্যি অসাধারণ।’ ম্যানচেস্টার সিটিতে ডেমিকেলিসের সতীর্থ সার্জিও অ্যাগুয়েরো অবশ্য ঘটনাটাকে চমক হিসেবে দেখছেন না। সিঙ্গাপুরে গণমাধ্যমের কাছে তিনি বলেন, ‘কোচ আলেসান্দ্রো সাবেলার সাথে আমি একমত। যোগ্য ব্যক্তি হিসেবেই ডেমিকেলিস দলে সুযোগ পেয়েছে।’ ডাক পাওয়ার ঘটনাটা অবাক করে দেয়ার মত হলেও সব সময়ই নিজেকে জাতীয় দলে খেলার জন্য ফিট বলে মনে করেন ডেমিকেলিস, ‘আমাকে অনেকবার এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছে। আর সব সময়ই আমি একই কথা বলেছি। এবারও বলছি, যতক্ষণ পর্যন্ত আমি শারীরিকভাবে ফিট আছি ততক্ষণ আমি নিজেকে জাতীয় দলের জন্য প্রস্তুত বলেই মনে করি।’ গত মঙ্গলবার আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনার ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। জুন মাসের একদম শুরুতে এই দল ছোট হয়ে ২৩ জনে নেমে আসবে। সেই দলে ডেমিকেলিসের জায়গা হবে নাকি সেটা সময়ই বলে দিবে। কিন্তু সুযোগ পেলে নিজেকে উজাড় করে দিয়েই খেলতে চান ম্যানচেস্টার সিটির হয়ে ২৭টি ম্যাচ খেলা এই তারকা, ‘যেমনটা আমি চাইনি ঠিক তেমন একটা সুযোগই আমি পেয়েছি। তবে একটা কথা বলতে পারি সুযোগটা কাজে লাগানোর সর্বাত্মক চেষ্টাই আমি করবো।’ আগামী ১২ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ১৫ জুন। রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে নবাগত বসনিয়া হারজেগোভিনার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা। ‘এফ’ গ্রুপে মেসিদের বাকি প্রতিপক্ষরা হল ইরান ও নাইজেরিয়া।