কবি নজরুল তোরণ

আপডেট : ১৭ মে ২০১৪, ২২:৩৮
আসছে ১১ জ্যৈষ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মবার্ষিকী পালিত হবে। নজরুল-নার্গিসের দৌলতপুরও বাদ থাকবে না। কোম্পানীগঞ্জ একটি ব্যবসা কেন্দ্র। কোম্পানীগঞ্জ হয়েই দৌলতপুর যেতে হয়। জাতীয় কবির প্রতি শ্রদ্ধা জানাতে মুরাদনগরের প্রবেশদ্বার নামে পরিচিত কোম্পানীগঞ্জ নতুন ও পুরাতন বাস টার্মিনাল ও কুমিল্লা-সিলেট মহাসড়কের পশ্চিম পাশে নজরুল তোরণ অবস্থিত। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, তোরণটির দেখাশোনার কেউ নেই। প্রতিনিয়ত হাজার হাজার বাসযাত্রী কোম্পানীগঞ্জ বাস টার্মিনাল থেকে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন অথচ কেউ বলতে পারবেন না এখানে কবি নজরুল তোরণ অবস্থিত। কারণ তোরণটি সব সময় ঢাকা থাকে সভা-সমিতি, ব্যবসা-বাণিজ্য ও সিনেমার পোস্টার ব্যানারে। আর কদিন পরেই দৌলতপুরে অনুষ্ঠিত হবে নজরুল জন্মবার্ষিকী। নজরুল জন্মবার্ষিকী পালন করার আগে স্থানীয় কর্তৃপক্ষ তাড়াহুড়ো করে তোরণটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দায়সারা গোছের কর্তব্য পালন করে থাকেন। আশাকরি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজরুল তোরণটিকে স্থায়ীভাবে সংরক্ষণের ব্যবস্থা করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। সেই সঙ্গে কোম্পানীগঞ্জ থেকে দৌলতপুর পর্যন্ত যে সড়কটি নবীনগর সড়ক নামে পরিচিত, সে সড়কটিকে নজরুল ইসলাম সড়ক নামে নামকরণ করা হোক। সফিক উদ্দিন আহমেদ সিনিয়র শিক্ষক, কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়, কোম্পানীগঞ্জ, কুমিল্লা।