বরাবরের মত এবারও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে আছে ঢাকা শিক্ষা বোর্ড। ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে বেশী সংখ্যক জিপিএ-৫ পেয়েছে এ বোর্ডের পরীক্ষার্থীরা। গত বছরের চেয়ে এ বছর এ বোর্ডে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়েছে। পাসের হার বিবেচনায়ও এ বোর্ড দ্বিতীয় স্থান অর্জন করেছে। এসএসসি পরীক্ষার গতকাল শনিবার প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এ তথ্য পাওয়া যায়।
ঢাকা বোর্ডের পাসের হার ৯৩ দশমিক ৯৪। জিপিএ ৫ পেয়েছেন ৪৬ হাজার ৭৯৫জন শিক্ষার্থী। যা এ বছর মোট জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ। জিপিএ-৫ প্রাপ্তি বিবেচনায় দ্বিতীয় স্থানে রয়েছে রাজশাহী বোর্ড। এ বোর্ড থেকে ১৯ হাজার ৮১৫ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ১ লাখ ২২ হাজার ৩১৩ জন জিপিএ-৫ পেয়েছেন। ২০১৪ সালে এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডের পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ৯০৫ জন। পরীক্ষায় অংশগ্রহণ করে ৩ লাখ ৪৩ হাজার ৬৩৬ শিক্ষার্থী। পরীক্ষায় পাস করেন ৩ লাখ ২২ হাজার ৮১৯ জন। পাসের হার ৯৩ দশমিক ৮০।
এ বছর ঢাকা বোর্ড থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে এগিয়ে আছেন ছাত্ররা। ৪৬ হাজার ৭৯৫ জিপিএ-৫ এর মধ্যে ২৩ হাজার ৮১২ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে। ২২ হাজার ৯৮৩ ছাত্রী জিপিএ-৫ পায়। গত বছর এ বোর্ডের মোট জিপিএ-৫’র সংখ্যা ছিল ২৬ হাজার ৩৯০ জন। ২০১২ সালে ২৫ হাজার ৬২৯ জন, ২০১১ সালে ২৪ হাজার ২৯০ জন এবং ২০১০ সালে ২১ হাজার ১৪২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল।
এ বছর ঢাকা বোর্ডে সেরা ২০ বিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অধিকার করে নিয়েছে উত্তরা রাজউক মডেল স্কুল এ্যান্ড কলেজ। দ্বিতীয় মতিঝিল আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ, তৃতীয় ভিকারুন নিসা নূন স্কুল এ্যান্ড কলেজ, চতুর্থ মাইলস্টোন কলেজ। এরপর সেরা ২০ প্রতিষ্ঠানের তালিকায় ক্রমান্বয়ে রয়েছে—মতিঝিল মডেল হাই স্কুল, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, মতিঝিল গভ. বয়েজ উচ্চ বিদ্যালয়, শামসুল হক খান স্কুল এ্যান্ড কলেজ, বিন্দুবাসিনী গভ. বয়েজ উচ্চ বিদ্যালয়, হলিক্রস গার্লস উচ্চ বিদ্যালয়, মতিঝিল গভ. গার্লস হাই স্কুল, ময়মনসিংহ জিলা স্কুল, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, গভর্নমেন্ট ল্যাবেরটরি হাই স্কুল, শহীদ পুলিশ স্মৃতি স্কুল এ্যান্ড কলেজ, মোহাম্মদপুর প্রিপারেটরি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মির্জাপুর ক্যাডেট কলেজ, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় এবং মনিপুর উচ্চ বিদ্যালয়।
