মোদীকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানালেন বারাক ওবামা

আপডেট : ১৭ মে ২০১৪, ২২:৫৫
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা টেলিফোন করে ভারতের লোকসভা নির্বাচনে বিজয়ের জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারে তাকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছেন। দুই নেতার মধ্যে এই প্রথম টেলিফোন আলাপের পর হোয়াইট হাউস জানায়, প্রেসিডেন্ট উভয়ের সুবিধাজনক সময়ে মোদীকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছেন। টেলিফোন আলাপটি সংক্ষিপ্ত ছিল বলে হোয়াইট হাউস জানায়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন সাকি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় মোদী এ ওয়ান ভিসা পাবেন। সরকার প্রধান হিসেবে তিনি এ ওয়ান ভিসা পাবেন। উল্লেখ্য, ২০০২ সালে গুজরাট দাঙ্গার পর মানবাধিকার লংঘনের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র ২০০৫ সালে মোদীর যুক্তরাষ্ট্র সফরের ভিসা বাতিল করেছিল। টেলিফোনে ওবামা ভারতের ঐতিহাসিক নির্বাচনে বিজেপির বিজয়ের জন্য মোদীকে অভিনন্দন জানান। হোয়াইট হাউস জানায়, প্রেসিডেন্ট উল্লেখ করেন যে তিনি যুক্তরাষ্ট্র-ভারত কৌশলগত সম্পর্কের অনন্যসাধারণ অঙ্গীকার বাস্তবায়নে মোদীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছেন এবং তারা দুই গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে ব্যাপক ক্ষেত্রে সহযোগিতা সমপ্রসারণ ও গভীর করা অব্যাহত রাখতে সম্মত হন। টেলিফোন আলাপের পর মার্কিন নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস টুইটারে লেখেন, যুুক্তরাষ্ট্র বিশ্বের দুই বৃহত্তম গণতান্ত্রিক দেশের মধ্যে এক জোরালো অংশীদারিত্ব গড়ে তোলা অব্যাহত রাখতে ভারতের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছে।