দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, অতীতে সুনাম থাকলেও এখন র্যাবকে রক্ষী বাহিনীতে রূপান্তর করা হয়েছে। সে জন্য এর বিলুপ্তি ছাড়া কোন বিকল্প নেই। এখন র্যাবের আরেক নাম রক্ষী বাহিনী। বিএনপিকে বিলুপ্ত করতে সরকার পরিকল্পিতভাবে র্যাবকে ব্যবহার করছে।
শনিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, নারায়ণগঞ্জ ঘটনার পর মানুষের আশা ছিল দেশব্যাপী খুন, গুম, অপহরণ থেমে যাবে। কিন্তু খুন-গুম থেমে নেই বরং বেড়েই চলেছে। তাই নদী-নালা, মাঠে-ঘাটে, খাল-বিলে লাশ ভেসে থাকছে।
‘র্যাবকে নয়, বিএনপি বিলুপ্ত করতে হবে’- আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, তারা নিজেদের জমিদার মনে করেন। এ জন্য ক্ষমতার মোহে বেসামাল হয়ে উল্টাপাল্টা কথা বলছেন।
