‘গুম ও অপহরণের আশংকার’ কথা জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ডা. এবিএম খোরশেদ আলম। নগরীর রামঘাট এলাকায় গতকাল শনিবার বিকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ নির্বাচন বর্জনের ঘোষণা দেন। অপর এক সংবাদ সম্মেলনে আদর্শ সদর উপজেলার ১৯ দলীয় জোট সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ফজলুল হক তার নেতা-কর্মীদের হয়রানিসহ ভোটের দিন কেন্দ্র দখলের আশংকা প্রকাশ করে সুষ্ঠু নির্বাচনের দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ডা. খোরশেদ আলম বলেন, মনোনয়নপত্র দাখিলের পর থেকে একটি মহল তাকে হুমকি প্রদর্শন করে আসছে। এলাকায় গণসংযোগ করতে গিয়ে বিভিন্নভাবে হয়রানির শিকার হওয়া এবং গুম-অপহরণের আশংকা থাকায় নিরাপত্তাহীনতার কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। অপরদিকে নগরীতে পৃথক এক সংবাদ সম্মেলন করে ১৯ দলীয় জোটের প্রার্থী ও জেলা বিএনপির সহ-সভাপতি ফজলুল হক ফজলু সুষ্ঠু নির্বাচন নিয়ে শংকা প্রকাশ করেন। কমপক্ষে তার ১০ হাজার নেতা-কর্মীকে হয়রানি করা হচ্ছে বলে তিনি জানান।
