বাকৃবিতে সায়াদ হত্যার অভিযোগে ছাত্রলীগ কর্মী গ্রেফতার

আপডেট : ১৭ মে ২০১৪, ২২:৫৭
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মত্স্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা সায়াদ ইবনে মোমতাজ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ কর্মী অন্তর চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ। গাইবান্ধা থেকে গত শুক্রবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। সেখান থেকে গতকাল শনিবার তাকে ময়মনসিংহ কারাগারে নিয়ে আসা হয়। ময়মনসিংহ কোতোয়ালী থানার ওসি ফজলুল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাত ২টার দিকে গাইবান্ধা থেকে অন্তরকে গ্রেফতার করে পুলিশ। তিনি সেখানে তার ফুফুর বাড়িতে পালিয়ে ছিলেন। উল্লেখ্য, পশুপালন অনুষদের ২য় বর্ষের (লেভেল-২, সেমিস্টার-১) শিক্ষার্থী অন্তর চৌধুরীকে গত ৯ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় সায়াদ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে ২ বছরের জন্য বহিষ্কার হয়। তিনি আশরাফুল হক হলের ছাত্রলীগ কর্মী। এর আগে সাদ হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রধান ২ আসামি সুজয় কুমার কুন্ডু ও রোকনুজ্জামান রোকনকে গত ২ এপ্রিল রাতে পালিয়ে যাওয়ার সময় ময়মনসিংহ শহরের পাটগুদাম মোড়ের কাছ থেকে গ্রেফতার করেছে পুলিশ।