মোদীকে বীরের সংবর্ধনা

আপডেট : ১৭ মে ২০১৪, ২৩:০২
ভারতের লোকসভা নির্বাচনে বিজয়ী দল ভারতীয় জনতা পার্টির নেতা নরেন্দ্র মোদীকে বীরের সংবর্ধনা দিয়েছে তার দলীয় সমর্থকরা। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে অভাবনীয় সাফল্যের জন্য মোদী দলের নেতা-কর্মী ও সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন। নয়াদিল্লীতে মোদী বলেন, ১৯৫২ সাল থেকে দলের কর্মীদের নিরলস পরিশ্রমের কারণেই এ বিজয় সম্ভব হয়েছে। তিনি বলেন, নির্বাচনের ফল দলে নতুন আস্থার সঞ্চার হয়েছে। তিনি বিজেপি প্রার্থীদের বিজয়ী করার জন্য বিশেষ করে দিল্লির ভোটারদের ধন্যবাদ জানান। তিনি বলেন, এটি ভারতের বিজয়। এর আগে গতকাল মোদী গান্ধীনগর থেকে দিল্লী বিমানবন্দরে এসে পৌঁছলে তাকে সেখানে বিপুল উল্লাসমুখর সংবর্ধনা দেয়া হয়। বিজেপি প্রধান রাজনাথ সিংসহ বেশকিছু শীর্ষ নেতা হবু প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। দিল্লী বিমানবন্দর থেকে শোভাযাত্রা সহকারে তিনি দিল্লির দলীয় সদর দপ্তরে আসেন। এ সময় পুরো পথ জুড়ে হাজার হাজার বিজেপি কর্মী-সমর্থক তাকে ঘিরে উল্লাস করে। তিনি যখন দিল্লি বিমানবন্দরে অবতরণ করেন তখন হাজার হাজার সমর্থক নেচে-গেয়ে ঢোল-বাদ্য বাজিয়ে উল্লাস করছিলো। তারা ভারতের হবু প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য ঠেলাঠেলি করছিলো। দিল্লি পুলিশ বিমানবন্দর থেকে বিজেপি সদর দপ্তর পর্যন্ত এই শোভাযাত্রা নির্বিঘ্ন করতে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছিলো। শোভাযাত্রাকালে নীল ও ধূসর পোশাক পরা মোদী একটি এসইউভি গাড়ি থেকে আংশিক বের হয়ে বিজয় চিহ্ন দেখাচ্ছিলেন। তার শোভাযাত্রার পথ দলীয় পতাকা শোভিত করা হয়। তার নিরাপত্তার জন্য বিপুলসংখ্যক উর্দি পরা নিরাপত্তা কর্মী ছিলো চোখে পড়ার মতো। বিজেপি সদর দপ্তরের নিরাপত্তাও জোরদার করা হয়। সেখানে এলিট ন্যাশনাল সিকিউরিটি গার্ডস (এনএসজি) সদস্যরা নিয়োজিত ছিলেন। দিল্লি থেকে পরে বারাণসী যান মোদী। কাশী বিশ্বনাথ দর্শনের পর সন্ধ্যায় দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতিতে অংশ নেন তিনি। সঙ্গে ছিলেন বিজেপি সভাপতি রাজনাথ সিং। উল্লেখ্য, আগামী ২০ মে বিজেপির পার্লামেন্টারি বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সেখানে মোদীকে আনুষ্ঠানিকভাবে সংসদীয় নেতা হিসেবে ঘোষণা করা হবে। ২১ মে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন।