খে লা ধু লা

পুরুষ ফুটবল দলে নারী কোচ

আপডেট : ১৮ মে ২০১৪, ১৯:৫২
জনপ্রিয়তার বিচারে পৃথিবীতে ফুটবলের প্রতিদ্বন্দ্বী আর কোনো খেলা নেই। তুমুল জনপ্রিয় এই খেলাটি দু’শতাধিক দেশে খেলা হয়। বিভিন্ন দেশ ছাড়াও সারাবিশ্বে অগণিত ক্লাব ও সংগঠনের মাধ্যমে কোটি কোটি দর্শকের কাছে ফুটবল অপ্রতিদ্বন্দ্বী বিনোদন মাধ্যম। এতে সাধারণত প্রশিক্ষক কিংবা কোচ হিসেবে পুরুষদের একক প্রাধান্য দেখা যায়। তবে এবার ব্যতিক্রমী এক ঘটনার জন্ম দিলেন হেলেনা কোস্টা। ফ্রান্সের ২য় বিভাগের দল ক্লারমন্ট ফুটের দায়িত্ব নিতে চলেছেন হেলেনা কোস্টা নামের সাবেক এই স্কাউট। তিনি ২০১২ সাল থেকে এখনো ইরানের প্রমিলা ফুটবল দলের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি কাতার প্রমিলা দলের কোচ হিসেবেও কাজ করেছেন। ৩৬ বছর বয়সী পর্তুগালের এই নারী এর আগে বেনফিকা পুরুষ যুবদলের কোচের দায়িত্ব পালন করেন। ২০০৮ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত সেল্টিক দলকে স্কাউট প্রশিক্ষণ দেন কোস্টা। এছাড়া পর্তুগালের একটি পুরুষ দলকেও প্রশিক্ষণ দেন তিনি। তার নেতৃত্বে দলটি ২০০৬ সালে লিসবন রিজিওনাল চ্যাম্পিয়নশিপ জয় করে। কোস্টা ১৯৯৭ সাল থেকে ১৩ বছর বেনফিকার যুব কোচ হিসেবে কাজ করেছেন। তিনি পর্তুগীজ ২য় ডিভিশনের ক্লাব ওডিওভেলাসের দায়িত্বও পালন করেন। ২০০৯ সালে তার দল ওডিওভেলাস দ্বিতীয় বিভাগ চ্যাম্পিয়ন হয়। ২০১২ সালে তার অধীনে কাতার দল প্রথম আন্তর্জাতিক কোনো ম্যাচে জয় পায়। মালদ্বীপের মেয়েদের বিপক্ষে কাতারের মেয়েরা জিতে ৪-১ গোলের ব্যবধানে। তবে তার অধীনে ইরানের মেয়েদের উল্লেখযোগ্য সাফল্য না পাওয়ায় তার ব্যর্থতার সমালোচনাও কম হয়নি। আগামী মৌসুম থেকেই ক্লারমন্ট ফুটের দায়িত্ব নেবেন কোস্টা। এরই মধ্যে ক্লাব সংশ্লিষ্টরা আশা করছেন, কোস্টার দায়িত্ব গ্রহণের মধ্যদিয়ে ক্লারমন্ট ক্লাব নতুন যুগের সূচনা করবে। তার সাবেক ক্লাব সেল্টিকের এক কর্মকর্তার দৃষ্টিতে, নিজের দায়িত্ব ভালোভাবেই পালন করেন কোস্টা। ওই কর্মকর্তা আশা করেন, হেলেনা কোস্টা দায়বদ্ধতা ও ত্যাগের মাধ্যমে নতুন দায়িত্বও ঠিকমতো পালন করবেন। এছাড়া ফ্রান্সের নারীমন্ত্রী কোস্টার এ নিয়োগকে স্বাগত জানিয়েছেন। এক টুইটার বার্তায় কোস্টাকে শুভকামনা জানিয়ে তিনি লিখেন— ‘শাবাশ ক্লারমন্ট ফুট, আগামীদিনের পেশাগত ফুটবলে নারীর অবস্থান বোঝার জন্য।’ তার জন্য সারাবিশ্বের নারীরাতো বটেই সবারই শুভ কামনা থাকবে নিঃসন্দেহে।