শেয়ারবাজারে ফের লেনদেন কমে যাচ্ছে। গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ২২৯ কোটি টাকা। প্রায় ১ মাস পর ডিএসইতে লেনদেন হয়েছে আড়াইশ’ কোটি টাকার নিচে। এদিকে সূচকও কমে গেছে। গতকাল ডিএসইর সূচক ৫ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১৮ পয়েন্ট কমে ৪ হাজার ৪০২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ৫৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৯ কোটি ১৯ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৭৬ কোটি ১৫ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৮৭টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১০৯টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ারের। এদিকে সামপ্রতিক সময়ে দেশের শেয়ারবাজার পতন প্রবণতার মধ্যদিয়ে অতিবাহিত হলেও বাড়ছে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্ট। চলতি মে মাসের প্রথম ১৫ দিনে বিও অ্যাকাউন্ট বেড়েছে ১৪ হাজার। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যে দেখা গেছে, চলতি মাসের প্রথম অর্ধে বিও অ্যাকাউন্টের সংখ্যা ১৪ হাজার ২৩০টি বেড়ে দাঁড়িয়েছে ২৯ লাখ ৮২ হাজার ৯৮৮টি। গত ৩০ এপ্রিল পর্যন্ত বিও অ্যাকাউন্টধারীর সংখ্যা ছিল ২৯ লাখ ৬৮ হাজার ৭৫৮টি।
এদিকে মোট ২৯ লাখ ৮২ হাজার ৯৮৮টি বিও অ্যাকাউন্টের মধ্যে পুরুষ বিও অ্যাকাউন্টধারীর সংখ্যা ২১ লাখ ৯৭ হাজার ২৫০টি। ৩০ এপ্রিল এ সংখ্যা ছিল ২১ লাখ ৯৪ হাজার ২৫৬টি। অর্থাত্ পুরুষ বিও অ্যাকাউন্ট বেড়েছে ২ হাজার ৯৯৪টি। অন্যদিকে নারী বিও অ্যাকাউন্টধারী ১ হাজার ২৬৭টি বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৭৫ হাজার ৭৬৯টি। দেশে অবস্থানরত বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টের সংখ্যা এপ্রিলে ৭ হাজার ৮৫৩টি বেড়ে দাঁড়িয়েছে ২৮ লাখ ২৪ হাজার ১৫৫টি। ৩০ এপ্রিল এ সংখ্যা ছিল ২৮ লাখ ২০ হাজার ৩০২টি। অন্যদিকে এ সময়ে প্রবাসী বিও অ্যাকাউন্ট বেড়েছে ৪০৮টি।
