শিল্পখাতে মেয়াদি ঋণ বিতরণ কমেছে

আপডেট : ১৮ মে ২০১৪, ২১:৫৪
চলতি অর্থবছরের প্রথম নয় মাসে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় মেয়াদি শিল্পঋণ বিতরণ কমেছে। এসময়ে ৩০ হাজার ৮৪৯ কোটি টাকার ঋণ বিতরণ হয়েছে। যা আগের অর্থবছরের (২০১২-১৩) একই সময়ে ছিল ৩২ হাজার ৫২৫ কোটি টাকা। অর্থাত্ এ সময়ে মেয়াদি শিল্প ঋণ (টার্ম লোন) তিন দশমিক ৬৪ শতাংশ কমেছে। অবশ্য মোট সামগ্রিকভাবে শিল্পখাতে ঋণ বিতরণ বেড়েছে এবং খেলাপী ঋণের পরিমাণও কমেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য দেখা গেছে। প্রতিবেদনে অনুযায়ী ২০১৩ সালের জুলাই থেকে ২০১৪ সালের মার্চ পর্যন্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো শিল্প খাতে এক লাখ ২২ হাজার ৩৫৭ কোটি টাকার ঋণ বিতরণ করে। যা এর আগের অর্থবছরের একই সময়ে ছিলো এক লাখ নয় হাজার ১১৪ কোটি টাকা। সে হিসেবে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিক শেষে ১২ দশমিক ১৪ শতাংশ ঋণ বিতরণে বেড়েছে। এরমধ্যে চলতি মূলধন (ওয়ার্কিং ক্যাপিটাল) খাতে ঋণ বিতরণ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে, শিল্প খাতে বিতরণকৃত মোট ঋণের মধ্যে রাষ্ট্রীয় মালিকানার চার বাণিজ্যিক ব্যাংক দুই হাজার ৭৩১ কোটি টাকা বিতরণ করেছে। আগের বছরের একই সময়ের তুলনায় যা ৬৯ দশমিক ৮ শতাংশ কম। এসময়ে বিশেষায়িত ব্যাংকগুলোর বিতরণ করা তিন হাজার ২৮৪ কোটি টাকা আগের বছরের একই সময়ের তুলনায় দুই দশমিক ৬৬ শতাংশ কম। বেসরকারি ব্যাংকগুলো ৯৭ হাজার ২৯৯ কোটি টাকার শিল্প ঋণ বিতরণ করেছে। বিদেশী মালিকানার ব্যাংকগুলোর বিতরণ করেছে ১৩ হাজার ৫৭৭ কোটি টাকা। অন্যদিকে ব্যাংক বহির্ভুত আর্থিক প্রতিষ্ঠানগুলো পাঁচ হাজার ৪৬৫ কোটি টাকা বিতরণ করেছে।