বাইশ বছরে এনসিসি ব্যাংক

আপডেট : ১৮ মে ২০১৪, ২১:৫৪
পুঁজি সংগ্রহ, বিনিয়োগে ঋণ বিতরণের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করে শক্তিশালী অবস্থানে রয়েছে ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স (এনসিসি) ব্যাংক। গত বছর আমানত, বিনিয়োগ, মুনাফা, বৈদেশিক লেনদেন ইত্যাদি সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে ব্যাংকটির। শনিবার এনসিসি ব্যাংকের ২১ বছর পূর্তি উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অগ্রগতির কথা জানানো হয়। ব্যাংকের চেয়ারম্যান মো. নুরুন নেওয়াজ সেলিম ও ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় অন্যান্যের মধ্যে ব্যাংকের ভাইস চেয়ারম্যান এএসএম মাঈনউদ্দিন মোনেম, অডিট কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, পরিচালক এমএ আউয়াল ও খায়রুল আলম চাকলাদার উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন বছরে নিজেদের কর্মক্ষেত্রের সম্প্রসারণ, মানসম্পদের উত্কর্ষ সাধন ও আর্থিক অন্তর্ভুক্তিকরণ— এ তিনটি বিষয়ের ওপর জোর দিবে ব্যাংকটি। বর্তমানে ব্যাংকের শাখা সংখ্যা ১০১টি, আমানতের পরিমাণ ১০ হাজার ৫২৮ কোটি টাকা এবং বিতরণ করা ঋণের পরিমাণ ৮ হাজার ৯৬৮ কোটি টাকা। ব্যাংকের মোট সম্পদের পরিমাণ ১৪ হাজার ১৪৩ কোটি টাকার বেশি।