পর্যটন শিল্পের বিকাশে চাই রাজনৈতিক সিদ্ধান্ত

আপডেট : ১৮ মে ২০১৪, ২২:২২
ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে বক্তারা বলেছেন, বাংলাদেশে পর্যটন শিল্পের সম্ভাবনা অনেক। কিন্তু এ খাতের বিকাশের জন্য যে উন্নয়ন দরকার তা বারবার তাগিদ দিয়েও অর্জন করা যায়নি। সরকার জাতীয় আয় বৃদ্ধির কথা বলে, কিন্তু অবধারিতভাবে দেশের পর্যটন শিল্পের বিকাশ না ঘটলে জাতীয় অর্থনীতির কাঙ্ক্ষিত বিকাশ ঘটবে না। এ শিল্পের বিকাশের জন্য রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ সবচেয়ে বেশি প্রয়োজন। গতকাল রবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সেমিনার কক্ষে ‘বাংলাদেশে পর্যটন ব্যাংকিংয়ের প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ ট্যুরিজম ফাউন্ডেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের যৌথ উদোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, সরকার পর্যটন শিল্পের বিকাশের উপর গুরুত্ব দিচ্ছে। এ খাতের উন্নয়নে সহায়ক খাতগুলোর উন্নয়নেও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে নতুন কিছু কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি বলেন, আমাদের রাজনীতিতে আইনের প্রতি শ্রদ্ধা বলতে কিছুই নেই। এটা খুবই র্দুভাগ্যজনক। এ থেকে উত্তরণে তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মুহাম্মদ রাজী হাসান বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালে ট্যুরিজম ব্যাংকিংয়ের মাধ্যমে পর্যটনখাতে যে উন্নতি হয়েছে আমরা তাদের অনুকরণ করতে পারি। তাই দক্ষ জনশক্তি নিয়োগের মাধ্যমে এ খাতে উন্নতি করা যায়। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের মহাপরিচালক অধ্যাপক ড. তৌফিক আহমেদ চৌধুরী বলেন, ব্যবস্য-বাণিজ্যের উন্নয়নে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা অন্যতম পূর্বশর্ত। পর্যটন শিল্প বিকশিত হলে বিপুল পরিমাণ জনগোষ্ঠীর কর্মসংস্থান হবে। এখাতের উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংক অর্থায়ন করতে না পারলেও তারা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে নির্দেশনা দিতে পারে। বাংলাদেশ ট্যুরিজম ফাউন্ডেশনের সভাপতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক প্রদীপ কুমার সরকার, নেপাল ট্যুরিজম ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের প্রধান নির্বাহী মনোজ খাদেকা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নেপাল ট্যুরিজম ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক পুষ্পারাজ কান্দেল।