মহানগর জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালকে গ্রেফতারের প্রতিবাদে গতকাল রবিবার বরিশাল বিভাগের ছয় জেলায় আধা বেলা হরতাল পালন করেছে স্থানীয় জামায়াতে ইসলামী।
হরতাল চলাকালে দূর পাল্লার যানবাহনসহ প্রাইভেট কার ও মাইক্রোস চলাচলই শুধু বন্ধ ছিল। কোন পিকেটিং বা মিছিল-মিটিং দেখা যায়নি। শুধু বরিশাল নগরীসহ অপর পাঁচ জেলা সদরে ও কয়েকটি উপজেলায় পুলিশ মোতায়েন করা হয়।
গত মঙ্গলবার নগরীর ব্রাউন্ড কম্পাউন্ডস্থ বাসভবন থেকে বরিশাল মহানগর জামায়াতের আমির অ্যাডভোকেট হোসাইন হেলালকে আটক করে কোতয়ালী থানা পুলিশ। তার মুক্তির দাবিতে ওই দিনই হরতাল আহ্বান করে জামায়াতে ইসলামী। হরতাল আহ্বানের পর বাবুগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ও পশ্চিম জেলা আমীর আজিজুর রহমানসহ প্রায় অর্ধশত জামায়াত নেতা-কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে বলে দলের মহানগর সেক্রেটারী জেনারেল অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু ইত্তেফাককে জানান।
