দিনাজপুরে আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে জামায়াত শিবিরের ৯ জন গ্রেফতার

আপডেট : ১৮ মে ২০১৪, ২৩:১২
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরকে হত্যার ঘটনায় জামায়াত-শিবিরের ৯ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এদিকে নিহত হুমায়ুন কবিরের জানাজা ও দাফন গতকাল রবিবার বিকালে সম্পন্ন হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়, জামায়াত-শিবিরের সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় হুমায়ুন নিহত হয়। ২৫/৩০ জন মুখোশধারী সন্ত্রাসী শনিবার বলগাড়ি বাজারে প্রথমে হুমায়ুনকে ঘর থেকে বের করে বারান্দায় উল্টিয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এক পর্যায়ে তার দুই পায়ের রগ কেটে ফেলা হয়। বাম হাতের কব্জি বিচ্ছিন্ন করে দেয়া হয়। নিহতের ময়না তদন্ত গতকাল দুপুর সাড়ে ১২টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে সম্পন্ন করে লাশ স্বজনদের হাতে হস্তান্তর করা হয়। আওয়ামী লীগ নেতা নিহতের ঘটনা প্রচারের সাথে সাথে বিক্ষুব্ধ আওয়ামী লীগ কর্মীরা দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের রানীগঞ্জ ওসমানপুর ও ঘোড়াঘাট বাজারে সড়ক অবরোধ করে গত শনিবার রাতে বিক্ষোভ করে। বিক্ষুব্ধ জনতা এসময় ৩০/৪০টি দোকান ভাংচুর করে।