ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে চার ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

আপডেট : ১৮ মে ২০১৪, ২৩:১৩
ঢাকা-চট্টগ্রাম রেলপথে কুমিল্লার রসুলপুরে একটি মালবাহী ট্রেনের একটি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে চার ঘণ্টা ট্রেন যোগাযোগ বন্ধ থাকে। রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন গতকাল রবিবার কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ও রসুলপুর এলাকার মধ্যবর্তী স্থানে পৌঁছে যাওয়ার পর ওই ট্রেনের একটি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়। এ ঘটনার পর চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন কুমিল্লা স্টেশনে আটকা পড়লে যাত্রীরা দুর্ভোগে পড়ে। রেলওয়ে কুমিল্লার সহকারী প্রকৌশলী ইরফানুল ইসলাম ও কুমিল্লা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবদুর রশিদ জানান, আখাউড়া ও লাকসাম জংশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শেষ করলে দুপুর দেড়টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।