আদভানির সঙ্গে মোদীর বৈঠক মন্ত্রিসভা নিয়ে আলোচনা

আপডেট : ১৮ মে ২০১৪, ২৩:১৫
ভারতের ১৬তম লোকসভা নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতারা সিরিজ বৈঠক করছেন। গতকাল রবিবার দলটির পরবর্তী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিনিয়র নেতা এলকে আদবানির সঙ্গে বৈঠক করেছেন। এছাড়া তিনি দলটির সভাপতি রাজনাথ সিংয়ের সঙ্গেও বৈঠক করেন। এসব বৈঠকে দেশটির পরবর্তী মন্ত্রিসভা নিয়ে আলোচনা হয়েছে। খবর এনডিটিভি’র। বৈঠকে আগামী মন্ত্রিসভায় কারা আসতে পারেন তাদের নাম চূড়ান্ত করা হচ্ছে। গতকাল মোদীর রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) অফিসেও যাওয়ার কথা রয়েছে। আরএসএস বিজেপি’র আদর্শিক সংগঠন। তবে আরএসএস অফিসে যাওয়ার আগে মোদী সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির সঙ্গে বৈঠক করবেন। বিজেপি নেতাদের মধ্যে চলমান বৈঠকে ২০০৯ সালে দলটির প্রধানমন্ত্রী প্রার্থী এলকে আদবানির ভূমিকা কী হবে সেই বিষয়ে আলোচনা চলছে। আদবানির সঙ্গে সম্পর্কিত একটি সূত্র জানিয়েছে, আদবানি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করতে পারেন। কেবল মোদীর সঙ্গেই নেতাদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছেনা, একে অপরের মধ্যেও বৈঠকের ধারাবাহিকতা বজায় থাকছে। গত শুক্রবার ঘোষিত নির্বাচনের ফলাফলে বিজেপি এককভাবে ২৮২টি আসন পেয়েছে। ৫৪৩ আসনের লোকসভায় সরকার গঠন করতে ২৭২ আসনের সংখ্যাগরিষ্ঠতা দরকার। ফলে বিজেপি এককভাবেই সরকার গঠন করতে যাচ্ছে। তবে মোদী কবে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিবেন সেই বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।