মোদীর ঝড়ো হাওয়ায় নামি-দামি সব রাজনীতিকদের হারিয়ে যাওয়ার খবরের সঙ্গে আর যে খবরটি গুরুত্ব পাচ্ছে তা হলো রাজনীতিতে টেনে আনা সেলিব্রেটিদের জয়-পরাজয়ের খবর। চিত্রাঙ্গন-সঙ্গীতাঙ্গন থেকে শুরু করে খেলার জগতের সফল নামি-দামি সেলিব্রেট এবারের লোকসভা নির্বাচনে বড় বড় দলের হয়ে নির্বাচনে অংশ নেন। অংশ নিয়েছিলেন যাদুকরও; কিন্তু বিজেপি ও তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থীরাই কেবল তুলনামূলকভাবে সফল হয়েছেন।
লোকসভা নির্বাচনে অংশ নেয়া সেলিব্রেটিদের মধ্যে খেলোয়াড়দের ভাগ্যই সবচেয়ে বেশি খারাপ। একজন ছাড়া এ জগত থেকে কেউ পাস করেননি। কংগ্রেস থেকে দাঁড়িয়ে হার মানতে হয়েছে দুই নামী ক্রিকেটার মোহাম্মদ আজাহার উদ্দিন ও মোহাম্মদ কাইফকে। তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়ে হেরেছেন ফুটবলার বাইচুং ভাটিয়া। বিজেপি থেকে দাঁড়িয়ে হেরে গেছেন জাদুকর পিসি সরকার (জুনিয়র)। জয়পুর রুরাল থেকে দাঁড়িয়ে জয়লাভ করেছেন খেলার জগতের শ্যুটার রাজ্যবর্ধন সিং রাথোর।
ভারতে এবারের লোকসভা নির্বাচনে অভিনয় শিল্পী, সংগীত শিল্পী, খেলোয়াড়সহ অনেক সেলিব্রেটিই প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোকে এসব ক্ষেত্রের নামি-দামি ব্যক্তিত্বকে কাছে পেতে কম কসরত করা হয়নি। আবার এসব জগতের তারকারাও প্রস্তাব লুফে নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন রাজনীতির ময়দানে। আর ময়দান থেকে একবারেই ভোটের মাঠে। এর আগে ২০০৯ সালে বিশ্বখ্যাত মানবতাবাদি সঙ্গীত শিল্পী ভুপেন হাজারিকাও বিজেপির হয়ে নির্বাচনে লড়ে পরাজয় বরণ করেন। তবে এবারের নির্বাচনের পর গত শুক্রবার যে ফলাফল ঘোষণা করা হয় তার চিত্রটা একটু ভিন্ন। এবার কেউ জয়ের মালা পরেছেন কেউবা ফিরেছেন পরাজয়ের গ্লানি নিয়ে খালি হাতে।
অভিনেতাদের মধ্যে জয় পেয়েছেন বিনোদ খান্না (বিজেপি), শত্রুঘ্ন সিনহা (বিজেপি), পরেশ রাওয়াল (বিজেপি), কিরণ খের (বিজেপি), দেব (তৃণমূল কংগ্রেস)। এ ছাড়া গায়ক ও অভিনেতা মনোজ তিওয়ারিও (বিজেপি) জয় পেয়েছেন।
পরাজিতদের মধ্যে রয়েছেন পরিচালক ও অভিনেতা মহেশ পাঞ্জেরকার (এমএনএস), পরিচালক প্রকাশ ঝা (জনতা দল), রাজ বাব্বার (কংগ্রেস), গুল পানাগ (আম আদমি পার্টি), রবি কিষাণ শুক্লা (কংগ্রেস), জাভেদ সাফারি (আম আদমি পার্টি)।
অভিনেত্রীদের মধ্যে জয়লাভ করেছেন মুনমুন সেন (তৃণমূল কংগ্রেস), শতাব্দি রায় (তৃণমূল কংগ্রেস), হেমা মালিনী (বিজেপি), জয়ারাম জয়ললিতা (এনডিএমকে)। হেরে গেছেন নাগমা (কংগ্রেস), স্মৃতি ইরানি (বিজেপি) ও রাখি সাওয়ান্ত (রাষ্ট্রীয় আম পার্টি)। এর মধ্যে রাখির হারটা বেশ শোচনীয়। উত্তর-পশ্চিম মুম্বাই থেকে প্রার্থী হয়ে মাত্র ১৫টি ভোট পেয়েই খশি থাকতে হয়েছে তাকে।
গায়কদের মধ্যে বাবুল সুপ্রিয় (বিজেপি) জয়লাভ করলেও হেরে গেছেন প্রখ্যাত গায়ক ও সুরকার বাপ্পি লাহিড়ী (বিজেপি)।
